স্কুল-কলেজে কম্পিউটার ও খেলার সামগ্রী পাঠানোর সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল-কলেজগুলোতে কম্পিউটার ও খেলাধুলার সামগ্রী পাঠানোর সুপারিশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এসব সামগ্রীর কমপক্ষে ৮০ শতাংশ সাংসদদের সুপারিশ অনুসারে দিতে বলা হয়েছে।গতকাল রোববার সংসদ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এই সুপারিশ করার সিদ্ধান্ত হয়। কমিটির সভাপতি অলি আহমদের সভাপতিত্বে সভায় শিক্ষা এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।সভায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে বলা হয়, সরকারকে এখনই এ ব্যাপারে জরুরি পদক্ষেপ নিতে হবে। কোন শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা কী পরিমাণ, তা স্থানীয় সাংসদেরা ভালো জানেন।সভায় চট্টগ্রামের শিকলবাহার ১৫০ মেগাওয়াট সান্ধ্যকালীন বিদ্যুৎকেন্দ্র (পিকিং প্লান্ট) প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরপরই বন্ধ হয়ে যাওয়ার ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।বৈঠক শেষে কমিটির সভাপতি অলি আহমদ বলেন, গত ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী উদ্বোধনের পরপরই কী কারণে বিদ্যুৎকেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে গেছে তা তদন্ত করে দেখা প্রয়োজন।সভায় জানানো হয়, ব্যাটারিচালিত যানগুলোর কারণে দৈনিক ২৫০ মেগাওয়াট বিদ্যুতের অপচয় হচ্ছে। অথচ এসব গাড়ি চলছে কোনো ধরনের অনুমোদন ছাড়াই।যোগাযোগ মন্ত্রণালয়কে এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।অলি আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, রেজা আলী, নওয়াব আলী, আব্বাস খান, হামিদা বানু, মোহাম্মদ নজরুল ইসলাম, আজিজুল হক চৌধুরী, আ ন ম শামশুল ইসলাম, পরিকল্পনাসচিব হাবিব উল্লাহ মজুমদার, পরিসংখ্যান বিভাগের সচিব রীতি ইব্রাহীম, বিদ্যুৎসচিব আবুল কালাম আজাদ, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগসচিব আবদুর রব হাওলাদার, যুব ও ক্রীড়াসচিব মাহবুব আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।