মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকসহ সব পাবলিক পরীক্ষার ফল শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইনের মাধ্যমে দেওয়ার চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্য বাস্তবায়নে সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বা ল্যাপটপ, প্রিন্টার, মডেম ও সোলার প্যানেল সরবরাহ করাসহ সাত দফা সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত একটি কমিটি। প্রচলিত নিয়মে খামের ভেতর সিলগালা করে শিক্ষাপ্রতিষ্ঠানে ফল পাঠানো হয়। এর ফলে সময় লাগে বেশি, আর্থিক খরচও কম নয়। এই প্রেক্ষাপটে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অনলাইনে ফলাফল পাঠাতে কারিগরি বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দিতে গত বছরের ২৩ সেপ্টেম্বর ১১ সদস্যের কমিটি করা হয়। চলতি বছর থেকেই অনলাইনে ফল পাঠানোর চিন্তাভাবনা করা হলেও কমিটির একজন সদস্য জানান, এ বছর সব প্রতিষ্ঠানের ফল অনলাইনে দেওয়া সম্ভব হবে না। তবে এবার কিছু প্রতিষ্ঠানের ফল অনলাইনে দেওয়া যাবে। আগামী বছর থেকে সব প্রতিষ্ঠানে এই পদ্ধতি পুরোদমে চালু হবে বলে তিনি আশা করেন।ওই কমিটির আহ্বায়ক শিক্ষা মন্ত্রণালয়ের সিস্টেম এনালিস্টস মো. মোফাখখারুল ইসলাম প্রথম আলোকে জানান, কিছুদিন আগে তাঁরা শিক্ষা সচিবের কাছে প্রতিবেদন জমা দিয়েছেন। তবে প্রতিবেদনের বিষয়ে তিনি কিছু বলতে চাননি।এ বিষয়ে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, ‘কমিটির প্রতিবেদন পাওয়ার পর আমরা বসেছিলাম। এবার মাধ্যমিকে হয়তো সম্ভব হবে না। তবে আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল অনলাইনে দেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে।’ উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। বর্তমানে শিক্ষা বোর্ডগুলো থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের ফল কেন্দ্রভিত্তিক সিলগালা খামে করে প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। সেখান থেকে পরীক্ষাকেন্দ্রের প্রতিনিধির কাছে প্যাকেট বিতরণ করা হয়। পরে কেন্দ্র থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ফল সংগ্রহ করে। তবে কয়েক বছর ধরে ওয়েবসাইট ও মুঠোফোনে সংক্ষিপ্ত বার্তা (এসএমএস) পাঠানোর মাধ্যমে ফল জানা যাচ্ছে।কমিটির প্রতিবেদন অনুযায়ী প্রস্তাবিত পদ্ধতিতে ফলাফল বোর্ডগুলোর সার্ভারে রাখা হবে। প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ই-মেইল ঠিকানা থাকবে। এর মাধ্যমে ওই সার্ভারে লগ-ইন করে অনলাইনে ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি বর্তমানে প্রচলিত ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ অব্যাহত থাকবে।অনলাইনে ফল পাঠাতে গঠিত কমিটির প্রতিবেদনে সব শিক্ষা বোর্ডের কম্পিউটার কেন্দ্রে উচ্চগতির ইন্টারনেট সংযোগ, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার, প্রিন্টার ও ইন্টারনেট সংযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার নেই, সেগুলোতে ওয়্যারলেস মডেমের মাধ্যমে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপ ও প্রিন্টার সরবরাহের ব্যবস্থা করা, যেখানে কম্পিউটার ও প্রিন্টার আছে কিন্তু ইন্টারনেট নেই, সেখানে ইন্টারনেট সংযোগে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। কমিটির এক সদস্য জানান, এখনো অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যুৎ নেই। অনেক প্রতিষ্ঠানে বিদ্যুৎ থাকলেও কম্পিউটার বা ইন্টারনেট নেই। অনলাইনে ফল দেওয়ার আগে এসব বিষয় বিবেচনায় নিতে হবে।