বরিশালে শুরু হয়েছে তিন মাসব্যাপী স্কুল অব ডিবেট। ‘মুক্তির মিছিলে যুক্তির স্লোগান’ এই শিরোনাম নিয়ে চতুর্থ স্কুল বিতর্ক প্রশিক্ষণ শুরু হলো। শিক্ষার্থীদের বিতর্কচর্চায় উদ্বুদ্ধ করতেই বরিশাল ডিবেটিং সোসাইটি ওই আয়োজন করে।
সরকারি বরিশাল কলেজ মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. জিয়াউল হক কর্মশালার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের অন্যতম বিষয় বিতর্কচর্চা। কেবল পাঠ্যবইয়ের মধ্যে থাকলে আলোকিত মানুষ হওয়া সম্ভব নয়। সুন্দরভাবে কথা বলা, উচ্চারণ উপস্থাপনায় নতুন মাত্রা যোগ করে বিতর্ক। বিতর্কচর্চায় একজন শিক্ষার্থী নিজেকে এবং সমাজকে আলোকিত করতে পারে। যুক্তির আলোকেই সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে অন্যায়-অনিয়ম কমে আসবে। আগামী দিনে বিতর্কই নান্দিকতা ফিরিয়ে আনবে জাতীয় সংসদে।
উদ্বোধনী পর্বের পর নতুন বিতার্কিকদের জন্য আয়োজন করা হয় প্রদর্শনী ছায়া সংসদ বিতর্ক। এর মাধ্যমে উজ্জীবিত হয় প্রশিক্ষণার্থীরা। ছায়া সংসদ বিতর্কে স্পিকার হিসেবে দািয়ত্ব পালন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ও বিতার্কিক তানভীর কায়সার।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সরকারি বরিশাল কলেজের অধ্যক্ষ এ কে এম মজিবর রহমান, উপাধ্যক্ষ সচিন কুমার রায়, বরিশাল ডিবেটিং সোসাইটির উপদেষ্টা কলেজশিক্ষক তপন কুমার সাহা প্রমুখ।
তিন মাসব্যাপী প্রশিক্ষণে বাংলাদেশ ডিবেট ফেডারেশনের বিশেষজ্ঞ বিতার্কিকেরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।