স্কুল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরিয়ান মোস্তাফিজকে সংবর্ধনা

স্কুল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা মোস্তাফিজুর রহমান লিপুকে আজ মঙ্গলবার সম্মাননা দিয়েছে লালমনিরহাট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। এ সময় তার হাতে আনুষ্ঠানিকভাবে একটি স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
লালমনিরহাট জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ মিলনাতয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে মোস্তাফিজুর রহমানকে সম্মাননা জানানো হয়।
স্কুল ক্রিকেটে ৫০ ওভারের ম্যাচে ১৪২ বলে ৩২৫ রান করার পর প্রথম আলোয় মোস্তাফিজুর রহমানকে নিয়ে খবর প্রকাশ হয়েছিল। সংবর্ধনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা মোস্তাফিজুর রহমানকে নিয়ে একটি বিশেষ প্রচারপত্র প্রকাশ করে। এতে তথ্যসূত্র হিসেবে প্রথম আলো, প্রথম আলো অনলাইন, ছুটির দিনে এবং কিশোর আলোতে প্রকাশিত চারটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটে ব্যক্তিগতভাবে ৩২৫ রান করেন। ১৪২ বলের ওই ইনিংসে এই খুদে ক্রিকেটার ৩৫টি চার ও ১৯টি ছয় হাঁকান। মোস্তাফিজুর রহমান লিপুর ব্যাটিং তাণ্ডবে তার দল ৯ উইকেটে ৫১৫ রান করে বিজয়ী হয়। ওই খেলায় তাদের প্রতিপক্ষ লালমনিরহাট গিয়াসউদ্দিন উচ্চবিদ্যালয় ১১৭ রানে অলআউট হয়। লিপুর দল ৩৯৮ রানের বড় জয় পায়। গতকাল সোমবার ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে লালমনিরহাট সরকারি উচ্চবিদ্যালয় লালমনিরহাট চার্চ অব গড উচ্চবিদ্যালয় দলকে হারিয়ে জেলা পর্যায়ে জয়ী হয়।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি প্রথম আলো অনলাইনে ‘৫০ ওভারের ম্যাচে ট্রিপল সেঞ্চুরি লালমনিরহাটের স্কুল ছাত্রের,’ ৭ ফেব্রুয়ারি প্রথম আলোতে ‘স্কুল ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি’, গত ২৮ ফেব্রুয়ারি ছুটির দিনে ‘এই সময়ের নায়ক’ এবং চলতি মার্চ মাসে মাসিক কিশোর আলো পত্রিকায় ‘ট্রিপল সেঞ্চুরির লিপু’ শিরোনামে চারটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সাংসদ সফুরা বেগম রুমি, জেলা প্রশাসক হাবিবুর রহমান, জেলা ও দায়রা জজ মিঞা মোহাম্মদ আলী আকবার আজিজি, জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, জেলা পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আজিজুল হক (বীর প্রতীক), ভাষাসৈনিক কমরেড শামসুল হক, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, লালমনিরহাট বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা ফেরদৌসী রহমান প্রমুখ।