স্কুল চলাকালে কোচিং বন্ধ রাখার নির্দেশ
বিদ্যালয় চলাকালে খুলনা নগরের কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ বিষয়ে সতর্কতা সৃষ্টি করতে গতকাল বুধবার নগরে মাইকিং করা হয়। আগামী রোববার থেকে কোচিং সেন্টারগুলোর বিরুদ্ধে অভিযানে নামবে প্রশাসন।
এর আগে ২১ আগস্ট বিদ্যালয় চলাকালে নগরের ইকবাল নগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ফটকের বিপরীতে শিক্ষাকুটির নামের একটি কোচিং সেন্টারে অভিযান চালান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা (মাউশি) অধিদপ্তরের খুলনা আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা। অভিযানে ওই কোচিংয়ে ইকবাল নগর স্কুলের পোশাক পরা ৯৪ জন শিক্ষার্থীকে পাওয়া যায়।
শিক্ষা কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ
এদিকে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত জাতীয় সংগীত ও শপথ বাক্য পাঠ না করানোর ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল মমিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এ ছাড়া নগরের সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ যেসব শিক্ষক ২১ আগস্ট নির্দিষ্ট সময়ের পর বিদ্যালয়ে এসেছিলেন, তাঁদেরও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত মঙ্গলবার মাউশি খুলনার আঞ্চলিক পরিচালক টি এম জাকির হোসেন এই নোটিশ দেন।