স্কুল ছুটি দিয়ে গরুর হাট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটের হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গত এক বছর থেকে সপ্তাহের প্রতি বুধবার গরুর হাট বসছে। ছবিটি গত বুধবার (২৮ অক্টোবর ২০১৫) দুপুরে তোলা। ছবি: আবদুর রব, লালমনিরহাট
লালমনিরহাটের হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে গত এক বছর থেকে সপ্তাহের প্রতি বুধবার গরুর হাট বসছে। ছবিটি গত বুধবার (২৮ অক্টোবর ২০১৫) দুপুরে তোলা। ছবি: আবদুর রব, লালমনিরহাট

স্কুলের মাঠ জুড়ে অসংখ্য গরু। গরু ঘিরে লোকে লোকারণ্য। কেউ গরুর ক্রেতা, কেউ বা বিক্রেতা। হই হুল্লোড় তো আছেই। সঙ্গে গরুর মলমূত্রে মাঠ জুড়ে নোংরা পরিবেশ। এ পরিবেশে কি লেখাপড়া করা যায়! তাই আগেভাগেই স্কুল ছুটি দিয়ে দিলেন স্কুল কর্তৃপক্ষ। এর পরের দৃশ্য: স্কুলে বিচরণ করছে গরু, আর বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে ২৮ অক্টোবর (বুধবার) দুপুরে গিয়ে এমন দৃশ্যই দেখা গেছে। মাঠজুড়ে গরুর হাট। শুধু ওই দিন নয়, এভাবে প্রায় এক বছর ধরে প্রতি বুধবার বেলা ১১টায় স্কুল ছুটি দিয়ে বসছে এমন গরুর হাট।

গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। ছবি: আবদুর রব, লালমনিরহাট
গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। ছবি: আবদুর রব, লালমনিরহাট

অভিযোগ, টাকার বিনিময়ে স্কুল কর্তৃপক্ষ এ হাট বসাতে ব্যবসায়ীদের অনুমতি দিয়েছেন। আর স্কুল পরিচালনা কমিটির সভাপতি আসাবুল হাবিব স্কুলের পাশের বড়বাড়ি হাটের ইজারাদারও। এ কারণে লেখাপড়া ক্ষুণ্ন করে স্কুলের মাঠটিকে ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা হচ্ছে। শিক্ষার্থীদের অভিভাবক আর স্থানীয় সুশীল সমাজ এতে ক্ষুব্ধ।

সূত্র জানায়, স্কুল মাঠে গরুর হাটের কথা জানতে পেরে ১৫ অক্টোবর লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম মোসলেম উদ্দিনকে ফোন করেন লালমনিরহাট-৩ (সদর) আসনের সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ। তিনি এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা কর্মকর্তাতে নির্দেশনা দেন। পরিদর্শনে অভিযোগের সত্যতা পাওয়ার পর শিক্ষা কর্মকর্তা গত ২৫ অক্টোবর মাঠে আর হাট না বসানোর জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে ডাকযোগে চিঠি পাঠান।

স্কুলের মাঠের ভেতরে চলছে গরু-ছাগলের কেনাকাটা। ছবি: আবদুর রব, লালমনিরহাট
স্কুলের মাঠের ভেতরে চলছে গরু-ছাগলের কেনাকাটা। ছবি: আবদুর রব, লালমনিরহাট

সাংসদ আবু সালেহ মোহাম্মদ সাঈদ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অর্থের বিনিময়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান ও স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাবুল হাবিব এ গরুর হাট বসাচ্ছেন।

লালমনিরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আগামী সাত দিনের মধ্যে তা লিখিতভাবে জানানোর জন্য স্কুলের প্রধান শিক্ষকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হাবিবা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান আজ রোববার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, স্কুল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তক্রমে গরুর হাটটি বসছে। এ জন্য ইজারাদার প্রতি বুধবার স্কুলের তহবিলে দেড় হাজার টাকাও জমা দিচ্ছেন।

পুরো স্কুল এলাকাটি হাটে পরিণত। ছবি: আবদুর রব, লালমনিরহাট
পুরো স্কুল এলাকাটি হাটে পরিণত। ছবি: আবদুর রব, লালমনিরহাট

ক্লাস ছুটি দিয়ে গরুর হাট বসানো কতটুকু নৈতিক-জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বুধবার বেলা ১১টায় স্কুল ছুটি হলেও বৃহস্পতিবার পূর্ণ দিবস ক্লাস নিয়ে তা পুষিয়ে নেওয়া হয়। জেলা শিক্ষা কর্মকর্তার কোনো চিঠি তিনি পাননি বলে জানান।

স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আসাবুল হাবিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ‘ব্যস্ত আছি’ বলে ফোন কেটে দেন।