স্কুল ছেড়ে কারখানায়
ইমন, আল-আমিন, শুভ ও অনিক পাবনা শহরের এ আর কর্নার বিপণিবিতানের হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজ করে। আরিফ, রাকিব, আমিনুল ও সৌরভ কাজ করে শহরের অনন্ত বাজার এলাকার কাঠের কারখানায়। জীবন, মারুফ, আনোয়ার ও সাদ্দাম শহরের মাসুমবাজার এলাকার ওয়ার্কশপ শ্রমিক। ওদের মতো কয়েক শ শিশু জেলা শহরের বিভিন্ন কারখানায় কাজ করছে। ওদের সবার বয়স ১০ থেকে ১৫ বছরের মধ্যে। কেউ দ্বিতীয় শ্রেণী, কেউ পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়েছে। এখন আর স্কুলে যায় না। পারিবারিক অসচ্ছলতা কাটাতে সবাইকে প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকি নিয়ে শ্রমিকের কাজ করতে হচ্ছে। স্থানীয় চিকিৎসক সরওয়ার জাহান প্রথম আলোকে বলেন, শিশুরা দীর্ঘদিন ধরে হোসিয়ারি শিল্প কারখানার মতো ধূলিময় পরিবেশে কাজ করলে তাদের শ্বাসকষ্ট ও ব্রংকাইটিস হতে পারে। এ ছাড়া ওয়ার্কশপের মতো কারখানায় মেটাল ডাস্টের মধ্যে যদি শিশুরা কাজ করে, তবে ফুসফুসের ক্যানসারও হতে পারে। অন্যদিকে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনের ১ থেকে ১৪ এবং ১৯৭৫ সালের শিশু আইনে বলা হয়েছে, ০ থেকে ১৬ বছরের শিশুদের ভারী কাজ করানো যাবে না। কিন্তু কোথাও এই আইন মানা হচ্ছে না। শিশুরা স্কুলের খাতা থেকে নাম কাটিয়ে শ্রমিকের খাতায় নাম লিখাচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে ২০১১ সালের একটি হিসাব থেকে দেখা যায়, ২০০৬ সালে জেলার নয়টি উপজেলায় স্কুলে যেতে ইচ্ছুক শিশুর সংখ্যা ছিল ৯৭ হাজার ৭৩৪ জন। ২০১১ সালে এসে দেখা যায়, এদের মধ্য থেকে ১৮ হাজার ১৬৮ জন শিশু ঝরে পড়েছে। নয় উপজেলার হিসাব অনুযায়ী, শুধু প্রাথমিকে ঝরে পড়া শিশুর সংখ্যা ২৩ শতাংশ। এর মধ্যে সদর উপজেলায় ঝরে পড়ার সংখ্যা সর্বোচ্চ ৩২ শতাংশ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক বলেন, ‘ঝরে পড়া শিশুদের অধিকাংশই গ্রামের দরিদ্র পরিবারের সন্তান। বিভিন্ন অজুহাতে তারা স্কুল বাদ দিতে চায়। তবে বর্তমানে আমরা ঝরে পড়া রোধে সচেতনভাবে কাজ করছি। কোনো শিশু তিন দিনের বেশি স্কুলে অনুপস্থিত থাকলে আমরা তার বাড়িতে খোঁজ নিচ্ছি। ফলে বর্তমানে ঝরে পড়া শিশুর সংখ্যা অনেক কমে এসেছে।’ গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, জেলা শহরের এ আর কর্নার, গেঞ্জিপট্টি ও পাথরতলা এলাকায় কয়েক শ হোসিয়ারি কারখানায় পুরোনো ও ময়লা কাপড়ের ধুলায় ঝাঁজালো পরিবেশ তৈরি হয়েছে। এর মধ্যেই শিশুরা সেলাই, এমব্রয়ডারি ও ঝুট গোছানোসহ নানা কাজে ব্যস্ত সময় কাটাচ্ছে। পাশেই শহরের অনন্ত বাজার ও মোজাহিদ ক্লাব এলাকায় শিশুদের দিয়ে চলছে কাঠের কারখানার কাজ। কাঠের আবরণ তোলাসহ আসবাবপত্রে রং করার কাজ করছে শিশুরা। শহরের মাসুম বাজার ও কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শিশুদের দিয়ে করানো হচ্ছে ওয়ার্কশপের কাজ। শিশুরা সিলিন্ডারের গ্যাস দিয়ে ও বড় বড় হাতুড়ি দিয়ে ওয়ার্কশপে লোহা পেটাচ্ছে। কর্মরত শিশু শ্রমিকেরা জানায়, পরিবারের অসচ্ছলতার কারণেই তারা কাজ করতে এসেছে। এখন তাদের দিয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ করানো হচ্ছে। তাই খুব বেশি বেতন দেওয়া হয় না। প্রতি সপ্তাহে তাদের ১৫০ থেকে শুরু করে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত মজুরি দেওয়া হয়। ভালোভাবে কাজ শিখতে পারলে হয়তো তারা প্রতি মাসে পাঁচ থেকে সাত হাজার টাকা আয় করতে পারবে—এ আশায় রাত-দিন কাজ করে যাচ্ছে। এতে অনেক সময় ছোটখাটো দুর্ঘটনার কবলেও পড়তে হয় তাদের। মাসুমবাজার এলাকার ওয়ার্কশপের মালিক হাসান আলী ও দুলাল হোসেন বলেন, ‘শিশুদের দিয়ে কাজ করাতে গিয়ে আমরাও ভয়ে থাকি। কিন্তু ওরা দরিদ্র পরিবারের সন্তান, কাজ না করলে সবার পরিবার না খেয়ে থাকে। তাই ওদের পরিবার-প্রধানদের অনুরোধেই আমরা কাজে দিই।’ শিশুদের নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ফ্রেন্ডস ফেয়ার অ্যাসোসিয়েশনের পাবনা জেলা সমন্বয়কারী হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘শিশুদের দিয়ে ঝুঁকিপূর্ণ, অস্বাস্থ্যকর ও ভারী কাজ করানো আইনের পরিপন্থী। আমরা বেসরকারিভাবে শিশুদের স্কুলগামী করতে কাজ করে যাচ্ছি। তবে পুরোপুরিভাবে শিশুশ্রম বন্ধ করার জন্য জেলা প্রশাসনসহ সচেতন সবাকেই এগিয়ে আসতে হবে।’