স্কুল ছেড়ে শিশুরা ইটভাটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজ হোসেন (৮) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। গত ১৫ অক্টোবর সে গোপালগঞ্জের একটি ইটের ভাটায় কাজ করতে গেছে। ফিরোজ টেংরাখালী গ্রামের দিনমজুর রাশিদুল সরদারের ছেলে।
রাশিদুল সরদার বলেন, কাশিমাড়ী এলাকার ইটভাটার শ্রমিক সর্দার রেজাউল ইসলামের কাছ থেকে দুই মাস আগে ২৪ হাজার টাকা নেওয়া হয়েছে। এই টাকা পরিশোধের জন্য আগামী ছয় মাস ফিরোজকে ইটভাটায় কাজ করতে পাঠানো হয়েছে।
ভেটখালী গ্রামের জেলে কুঞ্জলাল কাহারের ছেলে দিপংকর কাহার নুতনঘেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। লেখাপড়া বন্ধ করে পরিবার তাকেও পাঠিয়েছে বরিশাল এলাকার ইটভাটায় কাজ করতে। কুঞ্জলাল বলেন, দিপংকর দু-তিন মাস কাজ করে এলে অনটন কিছুটা কমবে।
শুধু ফিরোজ কিংবা দিপংকর নয়, টেংরাখালী গ্রামের শামিম হোসেন ও আবদুল হালিম; কাশিমাড়ী এলাকার নাসিম; ঈশ্বরীপুর এলাকার হাসান আলী, জাহিদুল ও তরিকুল; ভেটখালী গ্রামের আছাদুল, রোকন ও আমির হামজা; নুতনঘেরী এলাকার উদয়, আল-আমিনসহ শ্যামনগরের কয়েক শ শিশুকে ইটভাটার শ্রমিক হিসেবে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এদের বেশির ভাগেরই প্রাথমিক শিক্ষার পাঠ শেষ হয়নি।
ইটভাটার শ্রমিক সর্দার রেজাউল ইসলাম বলেন, ইট ওলটানো, কাঁদা তৈরিসহ অপেক্ষাকৃত কম পরিশ্রমের কাজে শিশুদের লাগানো হয়। এসব কাজে পূর্ণবয়স্ক শ্রমিকদের যে মজুরি দিতে হয়, একই পারিশ্রমিকে পাঁচজন শিশু পাওয়া যায়। অন্য শ্রমিক সর্দার ও ইটভাটার মালিকদের প্রলোভনে পড়ে দরিদ্র পরিবারের অভিভাবকেরা শিশুদের এ কাজে পাঠাতে বাধ্য হচ্ছে। এতে ভাটায় আশঙ্কাজনক হারে শিশু শ্রমিকের সংখ্যা বাড়ছে।
টেংরাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, ‘তাঁর বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পড়ুয়া ১২ জন শিশুকে তাদের পরিবার লুকিয়ে ইটভাটার কাজে পাঠিয়েছে। তাদের মধ্যে আবু বক্কর, ওমর ফারুকসহ ছয়জনের নাম পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষার জন্য নিবন্ধন করা হয়েছিল।’ একই ধরনের কথা বলেন জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম। একই চিত্র নুতনঘেরী, ভেটখালী, ঈশ্বরীপুর ও শ্রীফলকাঠি সরকারি বিদ্যালয়েও।
ঠাকুরঘেরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণপদ মণ্ডল ও ভেটখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাবতী মণ্ডল জানান, তাঁরা বাধা দেওয়ার চেষ্টা করায় অভিভাবকেরা শিশুদের লুকিয়ে কাজে পাঠিয়েছেন। ইটভাটায় না যাওয়ার জন্য উদয়, রাশিদুল, আরিফুলসহ কয়েকটি শিশু শ্রমিকবাহী বাসে উঠে অঝোরে কাঁদছিল। কিন্তু বাবা-মা ও শ্রমিক সর্দারদের চাপের মুখে তাদের আপত্তি কাজে আসেনি।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত ৭ ও ৮ অক্টোবর সহকারী কমিশনার (ভূমি) আহসান উল্লাহ শরিফী ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে শ্রমিকদের বহনকারী বাস থেকে নুরনগর, শ্রীফলকাঠি ও আটুলিয়া এলাকার ৩০ জন শিশুকে উদ্ধার করে। তবে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শ্রমিক সর্দাররা শিশুদের নিয়ে যাচ্ছেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমানের নেতৃত্বে কয়েকটি অভিযানে কয়েকজন শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে ফেরত পাঠানো হয়েছে। পরে লুকিয়ে ওই শিশুদের আবারও কাজে পাঠানোর বিষয়ে তাঁদের কাছে কেউ অভিযোগ করেনি।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, লিখিতভাবে অভিযোগ না পেলেও তিনি বিষয়টি জানেন। এ কারণে বিভিন্ন পরিবহনে মাঝেমধ্যে তল্লাশি চালানো হচ্ছে। এ প্রবণতা বন্ধে মা ও অভিভাবক সমাবেশ করা হচ্ছে। পাশাপাশি বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।