স্কুল তো আর আমারে টাকা দিব না: লেগুনার শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গণপরিবহনে শিশুশ্রম ঝুঁকিপূর্ণ। সেদিকে কারও খেয়াল নেই। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো
গণপরিবহনে শিশুশ্রম ঝুঁকিপূর্ণ। সেদিকে কারও খেয়াল নেই। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো

বয়স বড়জোর ১০ বছর। তার হাতে থাকবে বই, নয়তো নাটাই বা ব্যাট। কিন্তু একরত্তি ছেলে নিসার হোসেনের হাতে গাড়ির স্টিয়ারিং। সে বসে আছে লেগুনার চালকের আসনে। বেশ বড় আকারের এই লেগুনা সে চালাতে পারে। এখনো অবশ্য চালকের সহকারী সে, তবে পুরোপুরি চালক হতে বেশি দেরি নেই। 

পাঠশালায় নিসার শেষ কবে গেছে, মনে নেই। আফসোস দূরের কথা, এখন আর ওদিকে যাওয়ার আর ইচ্ছাও নেই। কারণ হিসেবে বলে, ‘আমি তো টাকা কামাই করি।’

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, গত মার্চ পর্যন্ত ঢাকায় চলা হিউম্যান হলারের সংখ্যা ৫ হাজার ৩৩। হিউম্যান হলারগুলো লেগুনা নামেও পরিচিত। এ লেগুনায় চালকের সহকারী হিসেবে কাজ করছে শিশুরা। আবার শিশু চালকও আছে। সম্প্রতি এই শিশুদের সঙ্গে কথা বলে জানা যায়, বিনা মূল্যে প্রাথমিক শিক্ষার ব্যবস্থা থাকলেও বেশির ভাগেরই পড়াশোনায় আগ্রহ নেই। নিজেরা আয় করছে এবং নিজেদের ক্ষমতাবান মনে করে। ‘আত্মনির্ভরশীল’ এই শিশুরা তাই কাজ ছাড়তে চায় না।

এই শিশুরা যে কেবল নিজের চলার মতো আয় করে তা নয়; অনেক সময় পরিবারকেও অর্থ দিয়ে সহায়তা করে। বহু পরিবার ঝুঁকির কথা জেনেও তাই নিজের সন্তানকে কাজে লাগিয়ে দেয়।

নিসারের সঙ্গে কথা হয় তেজগাঁও কলেজের লেগুনা স্ট্যান্ডে। সে ফার্মগেট থেকে মিরপুর-২ নম্বর চলাচলকারী একটি লেগুনার সহকারী। ঠিক কত ছোট থাকতে সে এই কাজে যোগ দিয়েছিল, তা মনে করতে পারে না। ৬০ ফিটে তার বাসা। মা ছোট থাকতেই মারা যান। বাবা রাজমিস্ত্রি হিসেবে কাজ করেন। স্কুলে ভর্তি হলেও যাওয়া হয়নি। পড়াশোনার ব্যাপারে নিসার বলে, ‘ডেইলি তিন-চাইর শ টাকা পাই। কারও কাছে কিছু চাওন লাগে না। স্কুলে তো আর আমারে টাকা দিব না।’

একটু বড় হয়ে গেলেই এরা অন্যদের প্রশিক্ষণ দেয়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো
একটু বড় হয়ে গেলেই এরা অন্যদের প্রশিক্ষণ দেয়। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১৬ সালের তথ্য অনুযায়ী, দেশে শিশুদের মধ্যে ১৭ লাখ শিশুশ্রমের আওতায় রয়েছে। বাংলাদেশে শিশুশ্রম আইনত নিষিদ্ধ না হলে ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ না দেওয়ার কথা বলা হয়েছে।

বিবিএস বলছে, প্রায় ১৩ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। সরকার ৩৮টি ঝুঁকিপূর্ণ কাজের তালিকা করেছে, যার মধ্যে গণপরিবহন অন্যতম। এ ছাড়া শিশুদের দিনে পাঁচ ঘণ্টার বেশি কাজ না করানোর কথাও বলা হয়েছে। যদিও এই নিয়ম কোথাও মানা হয় না।

মো. মিরাজের বয়স ১৩ বছর। পাঁচ মাস যাবৎ সে লেগুনার সহকারী হিসেবে কাজ করছে। এর আগে একটি মুদি দোকানে সে কাজ করত। ষষ্ঠ শ্রেণির গণ্ডি পেরিয়েছিল। কিন্তু ভালো না লাগায় স্কুল ও মুদি দোকান দুটোই ছেড়ে দেয়। কাজের ঝুঁকি আর পড়াশোনা নিয়ে মিরাজ বলে, ‘রিস্কের কী আছে। এই কাজ করতে ভালো লাগে। মুদি দোকানে বইসা থাকা ছাড়া কিছুই করার আছিল না। রাস্তায় চললে সাহস বাড়ে।’ মিরাজের পরিবার চায় সে পড়াশোনা করুক। কিন্তু তার আগ্রহ নেই।

রাজধানীর সড়কে লেগুনার চলাচল অনেকটাই বেপরোয়া। সায়মা হোসেন নামের একজন যাত্রী বলেন, রাস্তায় চলতে গেলে অন্য কোনো গাড়ি থামলেও লেগুনা কখনোই থামে না। ভয়ংকরভাবে চলে। লেগুনায় কর্মরত শিশুরা সড়কে চলার সময়ে নিজেদের অনেক ক্ষমতার অধিকারী মনে করে। বাস, ব্যক্তিগত গাড়িসহ নানান যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে পারা তাদের কাছে উপভোগ্য বিষয়। এতে তারা যে কেবল নিজেদের জীবনই ঝুঁকির মধ্যে ফেলছে তা নয়, যাত্রীরাও থাকে পুরো ঝুঁকির মধ্যে।

সম্প্রতি আগারগাঁওয়ের ৬০ ফিট সড়ক থেকে ফার্মগেটগামী একটি লেগুনায় দেখা গেল চালকের সহকারী দুজন। রুবেল (১০) ও হাসান (৮)। রুবেল হাসানের প্রশিক্ষক। হাতের আঙুলে কীভাবে টাকা রাখতে হয়, টাকা তোলার প্রক্রিয়া থেকে শুরু করে অনেক কিছুই বোঝাচ্ছিল। হাসানকে সে বলে, ‘শোন, পাইভেটকারকে কবি পিলাস্টিক। ওগো লগে ভাব লইবি। তয় বাসের হেলপারের লগে করিছ না। মাইর খাবি।’ এই লেগুনার চালকও এক কিশোর।

পড়াশোনার চেয়ে আয়-রোজগারে মনোযোগ ওদের। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো
পড়াশোনার চেয়ে আয়-রোজগারে মনোযোগ ওদের। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: প্রথম আলো

দেশে বিনা মূলে প্রাথমিক শিক্ষা দেওয়া হয়। এ ছাড়া অনেক বেসরকারি সংস্থা দরিদ্র পরিবারের শিশুদের জন্য বিনা মূল্যের স্কুল করেছে। কিন্তু এরপরও অনেক সময় পরিবার চায় না সন্তান পড়াশোনা করুক। বরং দুটো পয়সা এনে দিলে তারা খুশি হয়। লেগুনার সহকারী মো. সোহলের মা ও বোন থাকেন মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে। মা সুফিয়া বেগম বলেন, ‘আমার টাকার দরকার। কত দূরই-বা যাইবো পইড়া।’ ঝুঁকির বিষয় নিয়েও তেমন চিন্তা করেন না। তবে তিনি চান, ছেলে যদি কোনো মেকানিক শপে কাজ করে, তাহলে একদিন সে ও রকম একটা দোকানের মালিক হতে পারবে।

পরিবহনে এই খাতে কাজ করা শিশুদের মজুরি দেওয়া হয় দৈনিক ভিত্তিতে। একেকজনের কাজের ওপর নির্ভর করে কার কত মজুরি। এ ছাড়া কাজে কোনো বিরতি নেই। যতক্ষণ লেগুনা চলবে, ততক্ষণ তাদের কাজ করতে হবে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুস শহীদ মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আমরাও বিভিন্ন সময়ে কথা বলতে গিয়ে একই জিনিস খুঁজে পেয়েছি। ওরা এই স্বাধীনতাটা খুব উপভোগ করে। ঝুঁকির বিষয়টি বুঝলেও নিজের ইনকামটা ওদের কাছে গুরুত্বপূর্ণ।’ তিনি বলেন, এরা চালক হলে ঝুঁকি শুধু এই শিশুদের জন্যই নয়, যাত্রী, পথচারী—সবার। দিন দিন এই লেগুনায় শিশুশ্রম বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারকে পুনর্বাসনের বাজেটের ১ ভাগ রাখলেও শিশুশ্রম বন্ধ করা সম্ভব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে এদের আর্থিক সহায়তা দিতে হবে, নয়তো আবার একই কাজে ফিরে যাবে।