স্কুল থেকে পিয়নের ঝুলন্ত লাশ উদ্ধার
পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের প্রিজম কিন্ডারগার্টেন স্কুলের একটি কক্ষ থেকে গতকাল শনিবার সকালে পুলিশ স্কুলের পিয়ন আল আমিনের (২৭) লাশ উদ্ধার করেছে। তাঁর বাড়ি উপজেলার উত্তর সারুটিয়া গ্রামে। স্কুল কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, সকাল আটটার দিকে শিক্ষকেরা স্কুলে এলে একটি কক্ষে ফ্যানে ঝুলে থাকা অবস্থায় তাঁর লাশ দেখতে পান। পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। আল আমিনের মা আকলিমা খাতুন ও স্ত্রী আম্বিয়া খাতুন জানান, আল আমিন দীর্ঘদিন ধরে বুকের ব্যথায় ভুগছিলেন। কিন্তু অর্থসংকটে চিকিৎসা করাতে পারেননি। গত শুক্রবার রাতে প্রচণ্ড ব্যথা নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার বলেন, নিহত ব্যক্তির স্বজনদের ভাষ্য থেকে ধারণা করা হচ্ছে, বুকের ব্যথা সহ্য করতে না পেরেই রাতের কোনো একসময়ে তিনি আত্মহত্যা করেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না করায় ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।