স্কুল থেকে ফেরার পথে প্রাণ গেল শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিনের মতো গতকাল সোমবারও সকাল ৯টায় ঘর থেকে বের হয় শিশুটি। হেঁটে দেড় কিলোমিটার দূরের বিদ্যালয়ে পৌঁছায় এক ঘণ্টা পর। ক্লাস শেষে দুপুরে যায় এক বন্ধুর বাড়িতে। সেখান থেকে বিকেল চারটায় বাড়ি ফিরছিল। পথে তাকে পেছন থেকে ধাক্কা দেয় সিএনজিচালিত অটোরিকশা। হাসপাতালে নেওয়ার পথে নিস্তেজ হয়ে যায় শরীর। নিথর দেহে মায়ের কোলে ফেরে শিশু জসিম উদ্দিন (৮)।

জসিম কক্সবাজারের পেকুয়ার উত্তর-পূর্ব সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ও টৈটং ইউনিয়নের জানালিপাড়া এলাকার মো. মিয়া জানের ছেলে। তাকে অটোরিকশা ধাক্কা দেয় আনোয়ারা-বাঁশখালী-পেকুয়া সড়কের টৈটং ইউনিয়নের হাজীবাজার এলাকায়। এরপর বিক্ষুব্ধ জনতা বেলা সোয়া চারটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে।

সন্ধ্যায় শিশু জসিমের লাশ পৌঁছে বাড়িতে। ছেলের মৃত্যু সংবাদ পাওয়ার পর থেকে পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠে পরিবেশ। প্রতিবেশীরা সান্ত্বনা দেওয়ারও ভাষা যেন হারিয়ে ফেলেন। চার ভাই ও এক বোনের মধ্যে জসিম ছিল সবার ছোট।

কান্নাজড়িত কণ্ঠে জসিমের মা হালিমা বেগম বলেন, ‘ছেলেটি হাসিমুখে বাড়ি থেকে স্কুলে গেছে। ফিরেছে লাশ হয়ে। আমার ছেলেকে ফিরিয়ে দেন আপনারা।’

প্রত্যক্ষদর্শী মো. জাকারিয়া, মো. জহির ও আবুল কালাম বলেন, পেছন থেকে অটোরিকশা ধাক্কা দিলে শিশুটি পিচঢালাই সড়কে পড়ে গিয়ে মাথায় মারাত্মক আঘাত পায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জসিম মারা যায়।

স্থানীয় লোকজন বলেন, স্কুলছাত্র নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা সড়কের ওপর চলে আসেন। হাজীবাজার এলাকায় তাঁরা সড়ক অবরোধ করেন। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে চালক পালিয়ে গেলেও অটোরিকশাটি পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। পরে চালককে দ্রুত গ্রেপ্তার করার আশ্বাস দিয়ে লোকজনকে সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত রায় বলেন, স্কুলছাত্র মারা যাওয়ায় এলাকার লোকজন উত্তেজিত ছিল। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। লাশ হস্তান্তর করা হয়েছে পরিবারের কাছে। অটোরিকশাটি থানা হেফাজতে রয়েছে।