স্কুল দখলের পাঁয়তারা মানবাধিকার লঙ্ঘন: সৈয়দ আবুল মকসুদ
বিশিষ্ট গবেষক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, দেশে আজ দখলদারিত্বের সংস্কৃতি চলছে। মাঠ, খাল, নদী দখলের পর তা এখন এসে স্কুলে ঠেকেছে। স্কুল দখলের এ পাঁয়তারা মানবাধিকারের সম্পূর্ণ লঙ্ঘন। এটা শিশুদের ওপর অত্যাচার।
আজ শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘চম্পা পারুল ও সামাজিক শিক্ষাকেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় সচল করো এখনই’ শীর্ষক অবস্থান কর্মসূচিতে সৈয়দ আবুল মকসুদ এসব কথা বলেন। নাগরিক সংহতি ও আমার অধিকার ফাউন্ডেশন যৌথভাবে কর্মসূচির আয়োজন করে। এতে চম্পা পারুল স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেয়।
সৈয়দ আবুল মকসুদ আরও বলেন, ‘আমরা ভবিষ্যতের কথা ভেবে যেমন জাটকা ধরি না, তেমনি স্কুল-প্রতিষ্ঠানগুলো ধ্বংস করলে জাতি ভবিষ্যত্ মেধাবীদের হারাবে। এসব ভূমিদস্যুদের এখনই শাস্তির আওতায় আনতে হবে। তাদের প্রতিহত করতে না পরলে ভূমিদস্যুরা সারা দেশে ছড়িয়ে যাবে।’
প্রাক্তন ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্স বলেন, শিক্ষা এখন পণ্যে পরিণত হয়েছে। সরকারি স্কুল দখল করার জন্য ভূমিদস্যুরা সরকারের আইনকে ব্যবহার করছে। গরিবের স্কুলই কেবল দখল হয়, বড় লোকের নয়।
অবস্থান কর্মসূচিতে আরও বক্তব্য দেন ভাস্কর রাশা, প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।
ভূমিদস্যুদের হাত থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষা করো, প্রাথমিক বিদ্যালয় দখল রোধে সরকারের আরও সক্রিয় ভূমিকা চাই, বিদ্যালয় ভেঙে জমি দখল চলবে না প্রভৃতি প্ল্যাকার্ড নিয়ে অংশ নেন অভিভাবক ও শিক্ষার্থীরা।