স্কুল না সরানোয় ম্যাপল লিফের অধ্যক্ষকে আদালতে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের আদেশের পরও ধানমন্ডির আবাসিক এলাকা থেকে ম্যাপল লিফ স্কুলের স্থাপনা না সরানোয় অধ্যক্ষ জেবা আলীকে তলব করেছেন হাইকোর্ট। ব্যাখ্যা জানাতে আগামী ৪ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

আদালতের নির্দেশনা অনুসারে তিন বছরের মধ্যে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অপসারণ না করায় আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনকারী পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। তিনি প্রথম আলোকে বলেন, ধানমন্ডির আবাসিক এলাকায় স্থাপিত ব্যবসায়িক প্রতিষ্ঠান অপসারণের বিষয়ে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দেন। ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে তিন বছরের মধ্যে স্কুলের স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়। তিন বছরের ওই মেয়াদ ২০১৫ সালে শেষ হয়। এরপর আইনি নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার আবেদন করা হয়। তিনি বলেন, রুলে ম্যাপল লিফ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অধ্যক্ষ জেবা আলীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে ওই এলাকার দুই বাসিন্দা এম এ মাসুদ এবং এম এ মতিন ২০১১ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টে রিট করেন। শুনানি নিয়ে ওই বছরের ২ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেন, সেই সঙ্গে ধানমন্ডি আবাসিক এলাকায় নতুন স্কুল, কলেজ ও ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন ও অনুমোদনের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দেওয়া হয়। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ম্যাপল লিফ ও দক্ষিণ সিটি করপোরেশন পৃথক লিভ টু আপিল করে, যা গত বছরের ১ আগস্ট খারিজ হয়। এরপর ওই নির্দেশনা প্রতিপালন হয়নি উল্লেখ করে সুপ্রিম কোর্টের আইনজীবী আসাদুজ্জামান সিদ্দিকী গত মঙ্গলবার আদালত অবমাননার আবেদনটি করেন, যা আজ শুনানির জন্য ওঠে।