স্কুল না সরানোয় ম্যাপল লিফের অধ্যক্ষকে তলব
আদালতের আদেশের পরও ধানমন্ডির আবাসিক এলাকা থেকে ম্যাপল লিফ স্কুলের স্থাপনা না সরানোয় প্রতিষ্ঠানের অধ্যক্ষ জেবা আলীকে তলব করেছেন হাইকোর্ট। ব্যাখ্যা জানাতে আগামী ৪ জুলাই তাঁকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
আদালতের নির্দেশনা অনুসারে তিন বছরের মধ্যে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল ধানমন্ডির আবাসিক এলাকা থেকে অপসারণ না করায় আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে গতকাল বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। পরে তিনি প্রথম আলোকে বলেন, ধানমন্ডির আবাসিক এলাকার ভেতরে স্থাপিত ব্যবসায়িক প্রতিষ্ঠান অপসারণের বিষয়ে ২০১২ সালের ১১ জুন হাইকোর্ট কয়েক দফা নির্দেশনাসহ রায় দেন। ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে তিন বছরের মধ্যে স্কুলের স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেওয়া হয়। তিন বছরের মেয়াদ ২০১৫ সালে শেষ হয়। এরপর আইনি নোটিশ দেওয়া হলেও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় আদালত অবমাননার আবেদনটি করা হয়। তিনি বলেন, রুলে ম্যাপল লিফ স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অধ্যক্ষ জেবা আলীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।