ঠিকাদার চাঁদা না দেওয়ায় একদল সন্ত্রাসী মেহেরপুরের গাংনী উপজেলার জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। এ সময় তাদের হামলায় ছয়জন শ্রমিক আহত হন। এদিকে গত সোমবার দিবাগত রাতে সন্ত্রাসীরা মুজিবনগর উপজেলার একটি ইটভাটায় আগুন দিয়েছে। এ সময় তাদের হামলায় ইটভাটার সাত শ্রমিক আহত হন। ভাটার মালিক অভিযোগ করেন, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।
গাংনীতে আহত শ্রমিকেরা হলেন কানন মিয়া, সরোয়ার হোসেন, মতিয়ার রহমান, আমিরুল ইসলাম, রুহুল আমিন ও রবিউল ইসলাম। তাঁদের সবার বাড়ি কুষ্টিয়ার হরিপুর গ্রামে। তাঁদের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
শ্রমিকদের সর্দার কানন মিয়া জানান, গতকাল ভোরে ৮-১০ জন সন্ত্রাসী বিদ্যালয়ে ঢুকে কর্মরত শ্রমিকদের রড দিয়ে পিটিয়ে জখম করে। এই সময় তারা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে কাজ বন্ধ রাখার হুমকি দিয়ে চলে যায়। বিদ্যালয় নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার কালু মিয়া জানান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৫৮ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টির ভবন সম্প্রসারণের কাজ চলছিল। দুই মাস আগে কাজ শুরুর পরই স্থানীয় একটি সন্ত্রাসী দল মুঠোফোনে তাঁর কাছে নয় লাখ টাকা চাঁদা দাবি করে। গতকাল চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে কাজ বন্ধের হুমকি দিয়ে চলে যায়। এখন নিরাপত্তা না পাওয়া পর্যন্ত কাজ বন্ধ থাকবে।
প্রধান শিক্ষক খুরশীদা খাতুন জানান, সন্ত্রাসীদের হামলা ও হুমকির কারণে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ আছে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম বলেন, ‘সন্ত্রাসীদের ভয়ে বিদ্যালয়ের নির্মাণকাজ বন্ধ ও চাঁদা চেয়ে ঠিকাদারকে হুমকি দেওয়ার বিষয়টি শুনেছি। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের প্রকৌশলী আকতারুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানাব।’
সোমবার রাতে মুজিবনগরে কেদারগঞ্জ বাজার এলাকার শফিক ব্রিকস নামের একটি ইটভাটায় ঢুকে সন্ত্রাসীরা কার্যালয়ের কক্ষ ও দুটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা ভাটার সাত শ্রমিককে রড দিয়ে পিটিয়ে আহত করে। এঁরা হলেন উজ্জ্বল হোসেন, মিঠুন আলী, মমতাজ উদ্দিন, মোতালেব, ইন্তাজ আলী, আবু সাঈদ ও সাদেক আলী। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত শ্রমিক উজ্জ্বল হোসেন জানান, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ১৫-২০ জন মুখোশধারী ব্যক্তি ভাটায় ঢোকে। তাদের হাতে রড ও অস্ত্র ছিল। তারা মালিককে খুঁজতে কার্যালয়ের কক্ষে যায়। মালিককে না পেয়ে তারা ওই কক্ষ এবং দুটি ট্রাক্টরে আগুন ধরিয়ে দেয়। তারা সাত শ্রমিককে রড দিয়ে পিটিয়ে জখম করে।
ইটভাটার মালিক মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা জানান, এক মাস আগে সন্ত্রাসীরা মুঠোফোনে তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা চেয়েছিল। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা এই তাণ্ডব চালায়। মুজিবনগর থানার উপপরিদর্শক (এসআই) মধুসুদন জানান, পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের হাসপাতালে ভর্তি করায়। এর আগেই সন্ত্রাসীদের দেওয়া আগুনে ভাটার অফিস কক্ষ ও দুটি ট্রাক্টর পুড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে রাতেই অভিযান চালানো হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।