স্কুল নয় যেন লাল-সবুজে রাঙানো বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল সবুজের স্কুলটি ঢাকার পাশে নারায়ণগঞ্জের খামারপাড়া এলাকায়। ছবি: লেখক
লাল সবুজের স্কুলটি ঢাকার পাশে নারায়ণগঞ্জের খামারপাড়া এলাকায়। ছবি: লেখক

কাঠ-টিনের তৈরি প্রতিষ্ঠানটির চারদিকে লাল-সবুজে মোড়ানো দেখে থমকে দাঁড়ালাম। ভাবলাম এটা আবার কি? কৌতুহল জাগলে আশপাশে জিজ্ঞেস করে জানা গেল, এটা একটা শিক্ষাপ্রতিষ্ঠান। করোনার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানটি এখন বন্ধ। রাজধানী ঢাকার লাগায়ো বালু নদ ঘেঁষা নারায়ণগঞ্জের রূপগঞ্জের খামারপাড়া এলাকায় এ শিক্ষাপ্রতিষ্ঠান দেখে যে কেউ ভিমড়ি খেয়ে যাবেন।

কাঠ-টিনের তৈরি শিক্ষা প্রতিষ্ঠানটি যেন একটা জাতীয় পতাকা। লাল সবুজের বিজয়ের রঙে রাঙানো হয়েছে রূপগঞ্জের ব্রাইট শিশু কানন হাই স্কুল। এ যেন স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি। জানা গেছে, লাল-সবুজে রাঙানো রূপগঞ্জে এটি একমাত্র বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান।

কৌতুহল বশত, স্কুল ঘুরে দেখার ইচ্ছে জাগল। স্থানীয় লোকজনের সহায়তায় স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করে স্কুল দেখার সুযোগ মিলল। স্কুলের ভেতরে গিয়ে দেখা যায়, স্কুলের একটি ভবনের নাম দেওয়া হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে নামে বঙ্গবন্ধু ভবন। আরেকটি নামকরণ করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে। বাকি দু'টির একটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে

কাঠ-টিনের তৈরি শিক্ষা প্রতিষ্ঠানটির নাম ব্রাইট শিশু কানন হাই স্কুল। ছবি: লেখক
কাঠ-টিনের তৈরি শিক্ষা প্রতিষ্ঠানটির নাম ব্রাইট শিশু কানন হাই স্কুল। ছবি: লেখক

স্কুলের শ্রেণীকক্ষে শোভা পাচ্ছে বিভিন্ন শিক্ষামূলক ছবি। অফিসকক্ষের পাঠাগারে বুক সেলফে থরে-থরে সাজানো রয়েছে হাজারো বই। প্রাধান্য দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের চিত্রকে।

শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই লাল সবুজে মোড়ানো হয়েছে। ছবি: লেখক
শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেই লাল সবুজে মোড়ানো হয়েছে। ছবি: লেখক

প্রধান শিক্ষকের মাধ্যমেই ডেকে আনা হয় আশপাশের কয়েকজন শিক্ষার্থীকে। শিক্ষার্থীরা বলে, বিদ্যালয়টি লাল-সবুজের রঙে মোড়ানোর পর থেকে তারা বাংলাদেশ, বাংলাদেশের মানচিত্র ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সহজেই জানতে পারছে। অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আঁখি আক্তার, অর্পণ সরকার, ফারিয়া আক্তার বলে, জাতীয় পতাকার রঙে আমাদের স্কুলের রঙ হওয়ায় আমরা বাংলাদেশ নিয়ে জানতে পারি। স্যারেরা দেশপ্রেমের ব্যাপারে আমাদের সবসময় উদ্ধুদ্ধ করেন।

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তুহুব্বুনা আক্তার, অশ্রু রহমান বলে, জাতীয় পতাকার রঙে স্কুল আমরা কোথাও দেখি নাই। আমাদের স্কুলটা এমন হওয়ায় আমাদের গর্ব হয়।

স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রফিক বলেন, লাল-সবুজ রঙে মোড়ানোর কারণে ছাত্রছাত্রীদের জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা বেড়ে গেছে।

করোনার কারণে বন্ধ আছে স্কুুলটি। ছবি: লেখক
করোনার কারণে বন্ধ আছে স্কুুলটি। ছবি: লেখক

প্রধান শিক্ষকের সহযোগিতায় কথা হয় স্কুলের পরিচালক রায়হানা সুলতানা কনার সঙ্গে। তিনি বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমের প্রতি উদ্বুদ্ধ করতেই লাল-সবুজ রঙে মোড়ানো হয়েছে। তারা যেন বাংলাদেশ, মুক্তিযুদ্ধ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের ব্যাপারে ধারণা রাখে তাই ভবনগুলোর নাম দেওয়া হয়েছে তাদের নামে।

স্কুলটি পরিদর্শনে এসে কয়েকজন গুণীজন নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন বলেও জানান প্রধান শিক্ষক। তারা পরিদর্শন খাতায় মন্তব্য করে লিখেছেন, অজোপাঁড়াগাঁয়ে আস্ত একটা বাংলাদেশ দেখে সত্যিই ভাল লাগলো। বাংলাদেশকে বুকে ধারণ করে লালন-পালন করছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি।