স্কুল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ হলেন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে শিক্ষক-সংকট ও শিক্ষার্থীদের নগণ্য উপস্থিতিতে ক্ষুব্ধ হলেন স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা। গতকাল রোববার দুপুরে তিনি বিদ্যালয়টি পরিদর্শনে যান।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৮৭১ সালে প্রতিষ্ঠিত দেড় শ বছরের পুরোনো স্কুলটিতে বর্তমানে ৭১০ জন শিক্ষার্থী রয়েছে। ১৭ জন শিক্ষকের পদ থাকলেও বর্তমানে সেখানে কর্মরত আছেন মাত্র আটজন শিক্ষক। এতে ব্যাহত হচ্ছে পাঠদান। ফলে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিও কমছে।
এ নিয়ে গত ১৯ আগস্ট প্রথম আলোর বিশাল বাংলায় ‘১৭ জন শিক্ষকের জায়গায় আটজন, পাঠদান ব্যাহত’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে এলাকাবাসী ও স্থানীয় সাংসদের।
গতকাল দুপুর ১২টার দিকে সাংসদ সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ ও কয়েকজন অভিভাবককে সঙ্গে নিয়ে বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান। তিনি দেখতে পান, গতকাল কাগজপত্রে মাত্র ২০২ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক উপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে একদিকে শিক্ষক-সংকট, অন্যদিকে শিক্ষার্থীদের নগণ্য উপস্থিতি দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
পরে জিয়াউল হক মৃধা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়ে অবস্থান করেই আমি ইউএনওসহ কর্তৃপক্ষকে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।’
গতকাল বেলা তিনটার দিকে সরেজমিনে দেখা যায়, মাত্র ১৮ জন শিক্ষার্থী নিয়ে ষষ্ঠ শ্রেণির পাঠদান চলছে। অন্য শ্রেণিকক্ষগুলো একেবারে ফাঁকা। শিক্ষার্থীরা চলে গেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা সহকারী প্রধান শিক্ষক হজরত আলী বলেন, ‘শিক্ষক-সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে। দেড়টায় বিরতির সময় শিক্ষার্থীরা চলে যায়, আর আসে না। এ প্রবণতা রোধ করার জন্য শিগগির অভিভাবকদের নিয়ে সমাবেশ করব।’
এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) আবদুর রশীদ গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, বিদ্যালয়টির ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।