স্কুল পর্যায়ের ছয়টি দল কোয়ার্টার ফাইনালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো-জেডিসি বিতর্ক উৎসবে এখন পর্যন্ত স্কুল পর্যায়ের ছয়টি দল কোয়ার্টার ফাইনালে ও কলেজ পর্যায়ের চারটি দল সেমিফাইনালে উঠেছে।
গত বুধবার রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল প্রাঙ্গণে জোসেফাইট ডিবেটিং ক্লাবের আয়োজনে ও প্রথম আলোর সহযোগিতায় চার দিনের এ বিতর্ক উৎসবের উদ্বোধন করা হয়। যেখানে ঢাকা জেলার বিভিন্ন স্কুল-কলেজের মোট ৮০টি বিতার্কিক দল অংশ নিচ্ছে। উৎসবের প্রতিপাদ্য, ‘অবরুদ্ধ গণতন্ত্র, তবুও হৃদয় উন্মুক্ত।’
ওই দিন কয়েক শ শিক্ষার্থীর উপস্থিতিতে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
স্কুলের প্রিন্সিপাল ব্রাদার রবি পিউরিফিকেশনের সভাপতিত্বে প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, ভাইস প্রিন্সিপাল ব্রাদার ভিক্টর বিকাশ ডি রোজারিও এবং উৎসবের প্রধান বিচারক নেওয়াজুল কবির শিক্ষার্থীদের উদ্দেশে বিতর্কচর্চা ও এর উদ্দেশ্য সম্পর্কে কথা বলেন।
গতকাল বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালে ওঠা স্কুল পর্যায়ের দলগুলো হচ্ছে জোসেফাইট ডিবেটিং ক্লাব-০১, আইডিয়াল ডিবেটিং ক্লাব-০২, আইডিয়াল ডিবেটিং ক্লাব-০৩, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ ডিবেটিং ক্লাব-অরিন্দম, ডিবেটিং ক্লাব অব ল্যাবরেটোরিয়ানস-০৩ এবং ভিকারুননিসা ডিবেটিং ক্লাব-০১।
স্কুল পর্যায়ের দলগুলোর জন্য বিতর্কের নির্ধারিত বিষয় ছিল প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদান করা হোক, বিপিএলসহ সব বাণিজ্যিক টি-টোয়েন্টি লিগ নিষিদ্ধ করা হবে ইত্যাদি।
এদিকে সেমিফাইনালে ওঠা কলেজ পর্যায়ের দলগুলো হচ্ছে জোসেফাইট ডিবেটিং ক্লাব-০১, জোসেফাইট ডিবেটিং ক্লাব-০২, ঢাকা কলেজ ডিবেটিং ক্লাব-ডিএনএ এবং বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের বিতর্ক দল-অনির্বাণ। এদের বিতর্কের নির্ধারিত বিষয় ছিল ছাত্রদের বিদেশি অভিবাসন নিষিদ্ধ হোক, মৃত্যুদণ্ডের রহিতকরণ প্রয়োজন ইত্যাদি।