স্কুল পর্যায়ে 'সাংস্কৃতিক চর্চা কার্যক্রম' শুরু
সংস্কৃতিমনস্ক জাতি গড়ে তুলতে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’ শুরু করছে সরকার। চলতি বছর ১৮টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে গতকাল বুধবার। প্রতি জেলায় ১০টি করে মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চলবে।
সপ্তাহের যেকোনো এক দিন দুই ঘণ্টা করে মাসে চার দিন নির্ধারিত স্কুলগুলোতে ‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’ অনুষ্ঠিত হবে। নির্ধারিত স্কুলে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হারমোনিয়াম এবং এক সেট তবলা দেওয়া হবে। প্রশিক্ষকের সম্মানী হিসেবে প্রতি মাসে দুই হাজার এবং তবলচিকে দেড় হাজার টাকা দেওয়া হবে। এ বছর এ কার্যক্রমে ব্যয় হবে প্রায় ১ কোটি টাকা ৩ লাখ টাকা। যা সংস্কৃতি মন্ত্রণালয় বহন করবে।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল দুপুরে দেশের ১৮টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে সাংস্কৃতিক চর্চার এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার হলে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় মন্ত্রী বলেন, এ কার্যক্রমের মাধ্যমে সরকার টেলেন্ট হান্ট প্রতিযোগিতা বা শিল্পী তৈরি করার কোনো প্রকল্প হাতে নেয়নি। তবে স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা যেন গান, কবিতা বা শিল্পকলা হৃদয়ে ধারণ করে ভবিষ্যতে পথ চলতে পারে, সে লক্ষ্য বাস্তবায়নে এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে।
‘সাংস্কৃতিক চর্চা কার্যক্রম’ ঘোষণা অনুষ্ঠানে মন্ত্রী ছাড়াও সংস্কৃতিসচিব ইব্রাহিম হোসেন খান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, সংস্কৃতি ও শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।