স্কুল পালানো ছেলেকে ফিরে পাওয়ার গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দেড় বছর আগে হারিয়ে যাওয়া ছেলেকে ফিরে পেয়েছেন মা-বাবা। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গলুইভাঙ্গা গ্রামের রিকশাচালক সোলায়মান আলী ও তাঁর স্ত্রী রাজিয়া বেগম গতকাল মঙ্গলবার ফিরে পান তাঁদের সাত বছরের ছেলে সেলিম মিয়াকে। সেলিম গলুইভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ত। ২০০৯ সালের জুন মাসে স্কুল পালাতে গিয়ে দিক ভুলে হারিয়ে যায় সে।পরিবার সূত্রে জানা গেছে, দিকহারা সেলিম এ জেলা ওই জেলা ঘুরে ২০০৯ সালের ২৪ আগস্ট পৌঁছায় জয়পুরহাটের কালাই উপজেলার মোলামগাড়ি বাজারে। সেখানকার বাসস্ট্যান্ড এলাকায় সেলিমকে কাঁদতে দেখে লোকজন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় তাকে তুলে দেন। ইউপি চেয়ারম্যান পরিচয়হীন শিশুটিকে কালাই থানা পুলিশ হেফাজতে পাঠিয়ে দেন। পুলিশ শিশুটিকে পাঠায় আদালতে। আদালতের নির্দেশে সেলিমকে পাঠিয়ে দেওয়া হয় জয়পুরহাট সরকারি শিশু পরিবারে (এতিমখানা)। সেই থেকে সেলিম সরকারি শিশু পরিবারের আশ্রয়ে ছিল।এই দেড় বছরে সেলিমকে ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলেন তার মা-বাবা। কিন্তু অসম্ভবকে সম্ভব করেছেন জয়পুরহাট শিশু পরিবারের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক এ এস এম কাওছার রহমান। ‘বাড়ি ময়মনসিংহ’ সেলিমের মুখ থেকে শুধু এটুকু শুনে দীর্ঘ দিনের চেষ্টায় ময়মনসিংহের প্রত্যন্ত গলুইভাঙ্গা গ্রামে গিয়ে তার মা-বাবাকে খুঁজে বের করা হয়। গতকাল আদালতের নির্দেশে জয়পুরহাটের জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস শিশু পরিবারের পক্ষে সেলিমকে তার বাবার হাতে তুলে দেন। এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজার রহমান, সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) এ এস এম কাওছার রহমান এবং প্রতিষ্ঠানটির শিশুদের দেখভালের দায়িত্বে নিয়োজিত আলী রেজা উপস্থিত ছিলেন।দীর্ঘদিন পর সন্তানকে ফিরে পেয়ে বাবা সোলায়মান আলী ও মা রাজিয়া বেগম আপ্লুত হয়ে পড়েন। আবেগজড়িত কণ্ঠে সোলায়মান আলী বলেন, ‘দেড় বছর পর হারিয়ে যাওয়া ধন আজ খুঁজে পেলাম। বাবা হিসেবে আজ আমার শ্রেষ্ঠ দিন।’গতকাল সন্ধ্যায় মুঠোফোনে সেলিমের মা রাজিয়া বেগম বলেন, ‘দেড় বছর আগে ইশকুল পালাতে গিয়ে সেলিম হারিয়ে যায়। ওকে ফিরে পেয়ে আজ মনে হচ্ছে, আকাশের চাঁদ হাতে পেয়েছি।’জয়পুরহাট সরকারি শিশু পরিবার সূত্রে জানা গেছে, শিশু পরিবারের তত্ত্বাবধানে দেওয়ার সময় সেলিমের বয়স ছিল সাড়ে সাত বছরের মতো। কিন্তু মা-বাবার পরিচয় ও বাড়ির ঠিকানা সে বলতে পারত না। কথাবার্তায় ময়মনসিংহের আঞ্চলিকতা ও মাঝেমধ্যে ‘ময়মনসিংহ’ বলতে পারার সূত্র ধরে শিশু পরিবারের পক্ষ থেকে ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করা হয়। সেখানকার সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় সেলিমকে শিশু পরিবারের ‘বড় ভাইয়া’ আলী রেজার সঙ্গে ৬ ডিসেম্বর ময়মনসিংহে পাঠানো হয়। সেলিমকে ধোবাউড়া থানা সদরে নিয়ে যান আলী রেজা। সেখানে ঘোরাঘুরি করার একপর্যায়ে শহরের একটি এলাকায় মুঠোফোন অপারেটর কোম্পানির টাওয়ার দেখে মামার দোকান শনাক্ত করে সেলিম। সেখানে গেলে সেলিমকে দেখেই তার মামা চিনতে পারেন। গলুইভাঙ্গা গ্রামে গেলে মিলন হয় মা-বাবা আর ছেলের। এরপর ছেলেকে ফিরে পেতে আদালতের মাধ্যমে জয়পুরহাট সরকারি শিশু পরিবারে আবেদন করেন সোলায়মান আলী। আদালতের নির্দেশে সেলিমকে তার বাবার হাতে তুলে দেওয়া হয়।জয়পুরহাট সরকারি শিশু পরিবারের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) এ এস এম কাওছার রহমান বলেন, ‘প্রায় দেড় বছর চেষ্টার পর সেলিমকে মা-বাবার হাতে তুলে দিতে পেরেছি। এ রকম ঘটনা শিশু পরিবারে বিরল।’