স্কুল পেয়ে অন্য রকম আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এদ্দিন বাইর কাছে কন ইস্কুল আছিল না। মাইয়াটা দুই মাইল দুরুই ইস্কুলে যাইতো চাইতো না। এবার হত্যদিন ইস্কুলে যাইবো।’ খুশিতে আত্মহারা বাবা আবুল কাশেম এভাবেই তাঁর অনুভূতি ব্যক্ত করেন।গতকাল শনিবার আবুল কাশেমের গ্রাম ফেনীর সোনাগাজীর চর চান্দিয়া ইউনিয়নের লন্ডনিপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। গ্রামটিতে এত দিন কোনো বিদ্যালয় ছিল না। বিদ্যালয়টি চালু হওয়ায় ছেলেমেয়েরা এখন থেকে স্বাচ্ছন্দ্যে লেখাপড়া করতে পারবে—বিষয়টি ভেবে আবুল কাশেমের মতোই গ্রামের অন্যরাও আনন্দে উদ্বেলিত।গতকাল সকালে লন্ডনিপাড়ার ওই নাসির উদ্দিন লন্ডনি সরকারি প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন। বিদ্যালয় না থাকা গ্রামগুলোতে দেড় হাজার নতুন বিদ্যালয় স্থাপনে সরকারি সিদ্ধান্তের অংশ হিসেবে এ বিদ্যালয় স্থাপন করা হয়েছে। এ ছাড়া মন্ত্রী একই প্রকল্পের আওতায় বগাদানা ইউনিয়নের মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও উদ্বোধন করেন। পরে দুপুরে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রয়াত অধ্যাপক নাট্যাচার্য সেলিম আল দীনের সেনের খিল গ্রামে আরেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।এ সময় মন্ত্রী বলেন, ‘সেলিম আল দীন দেশ ও জাতির জন্য যে অবদান রেখে গেছেন, জাতি তা আজীবন স্মরণে রাখবে। এ রকম স্বনামধন্য একজন ব্যক্তির নামে তাঁর নিজ গ্রামে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে পেরে সবাই আনন্দ অনুভব করছি।’এর আগে সকালে মন্ত্রী সোনাগাজী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মা সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্য দেন। সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনামের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল্লা নূরী।