কুষ্টিয়ার মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
স্কুল প্রাঙ্গণে নির্মাণসামগ্রী, শ্রেণিকক্ষে শ্রমিকেরা
বিদ্যালয়ের প্রাঙ্গণজুড়ে আছে সড়কের নির্মাণসামগ্রী। আর একটি শ্রেণিকক্ষ দখল করে আছেন নির্মাণকাজের শ্রমিকেরা। কুষ্টিয়ার মিরপুর উপজেলার মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অবস্থা চলছে প্রায় ২০ দিন ধরে। এতে পাঠদান ও খেলাধুলার পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
জানতে চাইলে মিরপুর উপজেলা প্রকৌশলী জিল্লুর রহমান গতকাল বুধবার দুপুরে প্রথম আলোকে বলেন, নির্মাণসামগ্রী রাখা ও শ্রমিকদের থাকার জন্য বিদ্যালয় প্রাঙ্গণ ও শ্রেণিকক্ষ ব্যবহার করার বিধান নেই। তিনি ওই বিদ্যালয়ে সরেজমিন গিয়েছিলেন। পাথরগুলো অন্যত্র রাখতে ও শ্রেণিকক্ষ থেকে লোকজনকে সরিয়ে নিতে ঠিকাদার প্রতিষ্ঠানকে বলা হয়েছে।
উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, মিরপুরের চিথলিয়া ইউনিয়নের নিমতলা থেকে ভেড়ামারা উপজেলা পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার পাকা সড়ক নির্মিত হচ্ছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধানে গত বছরের ১২ ডিসেম্বর এ কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ পায় কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার ঠিকাদার প্রতিষ্ঠান সৈকত ট্রেডার্স।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও অভিভাবকের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ২০ দিন আগে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সড়কের পাশের মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পাথর স্তূপ করা শুরু করেন। আরেক পাশে রাখা হয়েছে পিচভর্তি ব্যারেল বা ড্রাম। বিদ্যালয় ভবনের একটি কক্ষে ঠিকাদারের কয়েকজন শ্রমিক বাস করছেন। কক্ষটি শিক্ষার্থীদের পাঠদানের জন্য নির্ধারিত।
সরেজমিন গত শনিবার দেখা যায়, মহিষাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের বেশির ভাগ জায়গা পাথরের দখলে চলে গেছে। অন্তত ৫ ফুট উঁচু করে পাথর রাখা হয়েছে। একটি শ্রেণিকক্ষের সামনে দড়িতে কাপড় শুকাতে দেওয়া হয়েছে।
পাথরের ওই স্তূপের পাশে দাঁড়িয়ে কথা হয় ঠিকাদার প্রতিষ্ঠানটির কর্মী মিল্টনের সঙ্গে। তিনি বলেন, ‘পরিচালনা কমিটির সভাপতিকে বলে আমরা বিদ্যালয় প্রাঙ্গণ ব্যবহার করছি। আর নির্মাণসামগ্রী দেখাশোনার জন্য দুই-একজন শ্রমিক এখানে থাকেন।’
কমিটির সভাপতি চিথলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার বলেন, সড়কটি হলে এলাকার উন্নয়ন হবে। এ জন্যই স্কুলে নির্মাণসামগ্রী রাখার অনুমতি দেওয়া হয়েছে।
এদিকে এই বিদ্যালয়ের আলাদা কোনো মাঠ নেই। পাথর রাখায় ২০ দিন ধরে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলাসহ বিভিন্ন কর্মকাণ্ড বন্ধ রয়েছে।
বিদ্যালয়ের কয়েক শিক্ষার্থী বলে, খেলাধুলা দূরের কথা, এখন চলাফেরাও করা কঠিন হয়ে পড়েছে। কারণ, পাথরের পাশ দিয়ে চলতে গিয়ে তাদের হোঁচট খেতে হয়।