স্কুল বন্ধ করে শিক্ষক-কর্মচারী নেতাদের ভূরিভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী উপজেলায় গত রোববার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ছিল। উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের (মাশিককপ) ১৭তম বার্ষিক সম্মেলনের জন্য বিদ্যালয়গুলো বন্ধ রাখা হয়। সম্মেলনের পাশাপাশি এসব বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও অতিথিদের অংশগ্রহণে চলে ভূড়িভোজও। মধুখালী পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনের সাংসদ আব্দুর রহমান। মধুখালী পাইলট বিদ্যালয়ের শিক্ষক ও সম্মেলন আয়োজক কমিটির সদস্য আবুল কালাম মোল্লা প্রথম আলোকে জানান, সম্মেলনে উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩৮০ জন শিক্ষক অংশ নেন। কর্মদিবসে স্কুল বন্ধ রেখে সম্মেলনের আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রধান শিক্ষকের হাতে তিন দিনের সংরক্ষিত ছুটি থাকে। এখানে সেই ছুটিই কাজে লাগানো হয়েছে। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়।’ তিনি আরও জানান, সম্মেলনে অংশ নেওয়া শিক্ষকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সাধারণ শিক্ষকদের জন্য প্যাকেট বিরায়ানি দেওয়া হয়। তবে সাংসদসহ অতিথিদের জন্য ভাত, ডাল, দেশি মুরগি, রুই মাছ, বাতাসি মাছের চচ্চড়ি ও দইয়ের ব্যবস্থা ছিল। উপজেলা মাশিককপের সভাপতি বি এম এ খালেকের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর্জা মনিরুজ্জামান, মধুখালী পাইলট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল আওয়াল আকন প্রমুখ।মধুখালী পাইলট বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অভিভাবক আবুল কাশেম ও মনিরুজ্জামান বলেন, এ সম্মেলন কোনো ছুটির দিন করা যেত। স্কুল বন্ধ রেখে এটা করা ঠিক হয়নি। এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন মিয়া বলেন, আমি স্কুল বন্ধের ব্যাপারে কিছু জানি না। দাওয়াত পেয়ে অনুষ্ঠানে গিয়েছিলাম।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল জানান, আমি কিছুই জানি না। এ ব্যাপারে শিক্ষকদের সঙ্গে কথা বলব। মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ গুহ জানান, সংরক্ষিত ছুটি ব্যবহার করে এ সম্মেলন করা হয়েছে। এর আগেও এভাবেই সম্মেলন করেছি।