স্কুল বন্ধ রেখে কক্সবাজার বেড়াতে গেছেন শিক্ষকেরা!
পাঠদান বন্ধ রেখে বগুড়া পুলিশ লাইনস স্কুল ও কলেজের শিক্ষকেরা কক্সবাজারে বেড়াতে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক অভিভাবক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। অভিভাবকেরা জানান, সোম ও বৃহস্পতিবার দুই দিনের ছুটির মাঝের দুটি দিনও অধ্যক্ষ ছুটি ঘোষণা করেছেন। অধ্যক্ষসহ ১৮ জন শিক্ষক কক্সবাজারে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যেই বাড়তি দুই দিন স্কুল ছুটি দেওয়া হয়েছে। শহরের আটাপাড়ার বাসিন্দা অভিভাবক নুরুন্নবী মিয়া প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীদের ক্ষতি করে স্কুল বন্ধ রেখে কক্সবাজার বেড়াতে গেছেন শিক্ষকেরা। অধ্যক্ষের এ কাজ ঠিক হয়নি।’ শিক্ষার্থীরা জানায়, পবিত্র ফাতেহা ইয়াজদাহম ও দোলযাত্রা উপলক্ষে গত রোববার নোটিশ বোর্ডে চার দিনের ছুটি ঘোষণার বিষয়টি উল্লেখ করা হয়। এর মধ্যে সোমবার ফাতেহা ইয়াজদাহম ও বৃহস্পতিবার দোলযাত্রা। কিন্তু মাঝে মঙ্গল ও বুধবার ওই ছুটির সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়। অভিভাবকেরা জানান, বেড়ানোর প্রস্তুতি উপলক্ষে গত শনি ও রোববার নির্ধারিত সময়ের আগেই স্কুলটিতে (অর্ধদিবস স্কুল) পাঠদান শেষ করা হয়। কোনো কারণ ছাড়াই স্কুল বন্ধ ঘোষণা করায় শহরের লতিফপুর এলাকার অভিভাবক আনিসুর রহমান গতকাল সোমবার অধ্যক্ষের বিরুদ্ধে বগুড়া পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে বগুড়া পুলিশ লাইনস স্কুল ও কলেজের অধ্যক্ষ আবদুস সাত্তারের সঙ্গে গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কক্সবাজারে রয়েছেন বলে জানান। অধ্যক্ষ আবদুস সাত্তার প্রথম আলোকে বলেন, দুই দিনের ছুটির সঙ্গে তিনি সংরক্ষিত আরও দুই দিন ছুটি নিয়েছেন। এভাবে ছুটি নেওয়া যায় কি না এমন প্রশ্নের জবাবে অধ্যক্ষ বলেন, ‘নিয়ম রয়েছে।’ অধ্যক্ষ জানান, পুলিশ সুপারের কাছ থেকে ছুটির অনুমোদন নেওয়া হয়েছে। তবে বগুড়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষকদের নিয়ে কক্সবাজারে বেড়াতে যাওয়ার কোনো অনুমতি তিনি অধ্যক্ষকে দেননি।’ এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম জানান, স্কুল ছুটির মাঝে আরও দুই দিন ছুটি নেওয়া যায় কি না বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন। এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা শামছুল আলম প্রথম আলোকে বলেন, ‘এভাবে ছুটির মাঝখানে স্কুল বন্ধ করে সংরক্ষিত ছুটি হয় না।’