স্কুল বন্ধ রেখে যাত্রা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লাস বন্ধ রেখে রীতিমতো যাত্রা ও জুয়ার আসর বসিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। চার দিন ধরে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ উচ্চবিদ্যালয়ের মাঠে এই আয়োজন চলছে। সরকার পরিপত্র জারি করে বিদ্যালয়ের মাঠে যাত্রাগান বন্ধ ঘোষণা করার পরও এ মাঠে আরও সপ্তাহখানেক আয়োজন চলবে বলে সংশ্লিষ্টরা জানান। ওই বিদ্যালয়ে গতকাল সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, মাঠে বিশাল প্যান্ডেল। মেয়েদের আলাদা বসার জন্য মঞ্চের পাশে বিদ্যালয়ের কয়েকজন কর্মচারী নতুন করে বাঁশের বেড়া তৈরি করছেন। শ্রেণীকক্ষে নাটোর থেকে নিয়ে আসা কানু শিকদারের মৌসুমী অপেরার নারীশিল্পীদের এবং বারন্দায় দলের পুরুষ লোকদের থাকার জায়গা করে দেওয়া হয়েছে। তাঁরা সেখানে বিশ্রাম নিচ্ছেন। বারান্দার নিচে বড় কড়াইয়ে চলছে রান্নার আয়োজন। বাঁশের বেড়া প্রস্তুতকারীদের একজন বলেন, ‘কমিটির লোক সব পালিয়েছে। গত কয়েক দিনে ছেলেপেলে সব টিকিট ছাড়াই ঢুকেছে। ওরা আর চালাতে পারেনি। তাই তাঁরা এবার বিদ্যালয়ের পক্ষ থেকেই চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। রাতে (মঙ্গলবার দিবাগত রাত) কাশেম মালার প্রেম নাটক মঞ্চস্থ করার কথা।’ এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা অন্য কোনো শিক্ষক সেখানে ছিলেন না। ইউএনও মইনুল হক আনসারী বলেন, ‘ওখানে যাত্রা হচ্ছে এটা আমি জানি না। শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে কেউ যাত্রা অনুষ্ঠান করতে পারবে না।’ প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জেলা প্রশাসকের অনুমতি নিয়েছেন। মাঠটি যাত্রার জন্য প্রতি রাত তিন হাজার টাকা করে ইজারা দেওয়া হয়েছে। কমিটির লোকেরা দুই রাত চালিয়েছেন। কিন্তু প্রথম রাতে টাকা দিলেও পরের রাতে আদায় হয়নি। এবার নিজেরাই চালিয়ে দেখবেন। প্রথম দিন তাঁরা প্যান্ডেলের ভেতরই ক্লাস নিয়েছেন। কিন্তু ওভাবে ক্লাস নিতে অসুবিধা হচ্ছিল দেখে ছুটি দিয়েছেন।’