স্কুল ভবনে পুলিশ ক্যাম্প মাঠে পাঠদান
খুলনার ডুমুরিয়া উপজেলার বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনের তিনটি কক্ষে সাত বছর ধরে পুলিশ ক্যাম্পের কার্যক্রম চলছে। এতে শ্রেণীকক্ষের সংকট দেখা দেওয়ায় পাঠদান কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শ্রেণীকক্ষের অভাবে কখনো বারান্দায় আবার কখনো বিদ্যালয়ের মাঠে ক্লাস নেওয়া হচ্ছে। বিদ্যালয় কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৬৬ সালে বিদ্যালয়টি স্থাপন করা হয়। এখানে বর্তমানে শিক্ষক ১৬ আর ছাত্রছাত্রী রয়েছেন ৪৭৮ জন। এখানে দুটি পাকা ও একটি আধাপাকা ভবনে নয়টি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি ভবনের তিনটি কক্ষে ২০০৩ সালে পুলিশের ক্যাম্প বসানো হয়। ১০ম শ্রেণীর সুস্মিতা বিশ্বাস বলে, শ্রেণীকক্ষের অভাবে তারা বাধ্য হয়ে বারান্দা বা মাঠে ক্লাস করে। সত্যজিত্ কুণ্ডু, ইমন সাহা বলে, মাঠে খেলা করার সময় তারা ভয়ে থাকে। কারণ ক্রিকেটের বল ক্যাম্পে পড়লে বা গায়ে লাগলে পুলিশ তাদের গালি দেয়। নবম শ্রেণীর ছাত্র রুবেল গাজী বলে, পুলিশ অপরাধীদের ধরে এনে যখন মারধর করে, তখন চেচামেচি হওয়ায় তারা শ্রেণীকক্ষে শিক্ষকের বক্তব্য শুনতে পায় না। ১০ম শ্রেণীর এক ছাত্রী অভিযোগ করে বলে, ‘স্কুল চলার সময় ক্যাম্পের লোকেরা বাজারের কিছু ছেলে নিয়ে এসে এখানে ক্যারম খেলে ও আড্ডা দেয়। তারাও আমাদের বিরক্ত করে। আমরা ভয়ে কিছু বলতে পারি না।’প্রধান শিক্ষক এস কে নাসির বলেন, ‘ক্যাম্প থাকায় অনেক অভিভাবক তাদের মেয়েদের আমাদের স্কুলে পাঠাতে চায় না। ক্যাম্পটি সরিয়ে নেওয়ার জন্য আমরা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বেশ কয়েকবার আবেদনও করেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ বিদ্যালয় পরিচালনা পর্যদের সভাপতি মনিমোহন চক্রবর্তী বলেন, ‘শিক্ষার্থীদের কথা বিবেচনা করে অবিলম্বে পুলিশ ক্যাম্পটি সরিয়ে নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর সহায়তা চাই।’ বানিয়াখালী পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক আবদুর রাজ্জাক ঠাকুর বলেন, ‘২০০৩ সাল থেকে এখানে ক্যাম্প আছে। আমার মনে হয়, যে কষ্ট হওয়ার কথা, তা সয়ে গেছে। পুলিশ বিদ্যালয়ের ছাত্রীদের বিরক্ত করে—এ অভিযোগ ঠিক না।’ খুলনার পুলিশ সুপার তানভীর হাসান চৌধুরী বলেন, ‘বানিয়াখালী স্কুলে পুলিশ ক্যাম্প থাকার বিষয় আমার কাছে কোনো তথ্য নেই। যদি তারা আবেদন করে, আমি যাচাই করে ব্যবস্থা নেব।’খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ জানান, এলাকায় পুলিশ ক্যাম্পের প্রয়োজনীয়তা থাকলেও বিদ্যালয় ভবন থেকে তা সরাতে হবে। তিনি এ ব্যাপারে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন।