স্কুল ভবনের কাজ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজের মান খারাপ বলে ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ করেছেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি। আর সভাপতির বিরুদ্ধে মোটা অঙ্কের চাঁদা দাবির অভিযোগ তুলেছেন ঠিকাদার। এ নিয়ে নীলফামারীর সৈয়দপুর ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের নির্মাণকাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই বিদ্যালয়ের একটি ভবন নির্মাণের কাজ ৪ অক্টোবর উদ্বোধন করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২০ লাখ ১৪ হাজার টাকা ব্যয়ে তৃতীয় তলার ভিত্তিসহ (ফাউন্ডেশন) দুই কক্ষের একটি ভবনের নির্মাণকাজ বাস্তবায়ন করছে। ভবনটি নির্মাণের কার্যাদেশ পেয়েছে মনোয়ার ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে আইনি অনুমতি (পাওয়ার অব অ্যাটর্নি) সাপেক্ষে কাজটি করছেন শাহনেওয়াজ শানু নামের আরেক ঠিকাদার। আগামী বছরের মার্চ মাসে কাজ শেষ করার কথা।বৃহস্পতিবার সরেজমিন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল হামিদের সঙ্গে কথা হয়। তিনি অভিযোগ করেন, ভবন নির্মাণকাজে ব্যাপক অনিয়ম হচ্ছে। সিডিউল অনুযায়ী নির্মাণকাজে এক নম্বর ইট এবং উন্নতমানের খোয়া ও রডের ব্যবহার করা হচ্ছে না। ফলে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করার অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার শাহনেওয়াজ শানু। তিনি অভিযোগ করেন, আবদুল হামিদ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি দলীয় প্রভাব দেখিয়ে তাঁর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন। বলা হচ্ছে চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না। এ কারণে যথাসময়ে কাজ শেষ করা যাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ঠিকাদারের কাছে চাঁদা চাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন আবদুল হামিদ।উপজেলা প্রকৌশলী সদরুল আলম বলেন, ‘ভবন নির্মাণের কাজে এক নম্বর ইট এবং উন্নতমানের খোয়া ও রড ব্যবহার করা হচ্ছে। এরপরও মান খারাপ হলে অবশ্যই আমরা বিষয়টি দেখব।’