এলাকা বা শ্রেণির ভিত্তিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাসিক বেতন সমন্বয় করতে যাচ্ছে সরকার। এতে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বেতন বর্তমানের চেয়ে কিছু বাড়তে পারে, আবার কিছু প্রতিষ্ঠানের কমতে পারে। তবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের মতো করে বাড়তি অর্থ আদায় করেছে, তা সমন্বয় করতে বা ফেরত দিতে হবে। শিক্ষকদের বেতনও সমন্বয় করতে হবে।
নতুন বেতন স্কেল অনুযায়ী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের বেতন পুনর্নির্ধারণের লক্ষ্যে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে রাজধানীর ১২টি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সভায় প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত হয়। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। সভার কার্যপত্রে দেখা যায়, এই ১২টি স্কুলের মধ্যে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানের যা আয় হয়, বেতন দেওয়ার পরও টাকা বাড়তি থাকে।
সভা শেষে সভার সভাপতি ও শিক্ষাসচিব সোহরাব হোসাইন সাংবাদিকদের সভার বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষক ও অভিভাবক কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেভাবেই করা হবে। বিভিন্ন শ্রেণি অনুযায়ী বা এলাকাভেদে শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে এ সিদ্ধান্ত হবে। তিনি আরও বলেন, বহু প্রতিষ্ঠান আছে, যেখানে শিক্ষকেরা নতুন বেতন স্কেলের চেয়েও ভাতা, উপভাতা মিলিয়ে বেশি পাচ্ছেন। অনেক শিক্ষাপ্রতিষ্ঠান এমনভাবে বেতন নির্ধারণ করে রেখেছে, সেটা অনেক বেশি। এ জন্য আগে শিক্ষকদের বেতন পুনর্নির্ধারণ করে সে অনুযায়ী ওই শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। তবে এ ক্ষেত্রে খুব বেশি পরিবর্তনের প্রয়োজন হবে না। কারণ, অনেকেই ইতিমধ্যে বেশি টাকা নিয়ে রেখেছেন, সেটাও সমন্বয় করা হবে।
সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বেতন বৃদ্ধির প্রস্তাব ও যৌক্তিকতা তুলে ধরা হয়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সুফিয়া খাতুন স্কুল পর্যায়ে শিক্ষার্থীপ্রতি ৮০০ টাকা বাড়ানোর সুপারিশ করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বলেন, দ্রুত সময়ের মধ্যে প্রশাসনিক আদেশে এ বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।
যেসব স্কুল বেতন বাড়িয়েছিল: এ বছরের শুরুর দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের মাসিক বেতন অস্বাভাবিক বৃদ্ধি করে। এ নিয়ে অভিভাবকদের আন্দোলনের মুখে মন্ত্রণালয়ের নির্দেশে বর্ধিত বেতন নেওয়া স্থগিত করে স্কুলগুলো। পরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর স্কুলগুলোর আয়-ব্যয়ের তথ্য সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠায়। এতে দেখা যায়, উইলস লিটল, মতিঝিল আইডিয়াল, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজসহ বেশির ভাগ স্কুলে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার পরও বিপুল অঙ্কের টাকা উদ্বৃত্ত থাকে।
ভিকারুননিসা নূন স্কুল প্রথম শ্রেণিতে বাংলা ভার্সনে ৮৭ দশমিক ৫ ও ইংরেজি ভার্সনে ৭০ শতাংশ বেতন বৃদ্ধি করে। উইলস লিটল ফ্লাওয়ার গড়ে ৪৩ শতাংশ বেতন বৃদ্ধি করে। উদয়ন স্কুল বাংলা ভার্সনে প্রথম শ্রেণিতে ১০০ ও অন্যান্য শ্রেণিতে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করেছিল। এভাবে বিভিন্ন স্কুলের তথ্য তুলে ধরে আলোচনা হয় সভায়।