স্কুল মাঠে উঠছে দোকানঘর
বগুড়ার ধুনটে বিলচাপড়ি দ্বিমুখী ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের মাঠে অবৈধভাবে স্থায়ী দোকানঘর নির্মাণ করা হচ্ছে৷ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে এর অনুমতি দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
স্থানীয় সূত্র জানায়, উপজেলার লাঙ্গী ইউনিয়নের বাঙ্গালী নদীর পশ্চিম পাশে বিলচাপড়ি গ্রামে ১৯৭৬ সালে বিদ্যালয়টি স্থাপিত হয়৷ শিক্ষাপ্রতিষ্ঠানটির ৩০০ গজ দূরে একটি সরকারি হাট আছে৷ এত দিন হাটটির ইজারার দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সমর্থকেরা৷ এ বছর রুবেল হোসেন নামে বিএনপির এক সমর্থক হাটটি ইজারা নেন৷ এতে ক্ষুব্ধ আওয়ামী লীগের সমর্থকেরা হাটের জমি থেকে নিজেদের দোকানঘর সরিয়ে বিদ্যালয়ের মাঠে রাখেন৷
স্থানীয় ব্যক্তিরা অভিযোগ করেন, ব্যবসায়ীরা বিদ্যালয়ের মাঠে দোকানঘর এনে রাখার সুযোগে প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাঠের দক্ষিণ পাশে প্রাচীর নির্মাণের নামে ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে ১৫টি স্থায়ী দোকানঘর নির্মাণের অনুমতি দিয়েছেন৷
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অভিযোগ করেন, প্রধান শিক্ষক ও সভাপতি কাউকে কিছু জানাননি৷ নিজেরা গোপনে সুবিধা নিয়ে ব্যবসায়ীদের বিদ্যালয়ের মাঠে দোকানঘর নির্মাণের সুযোগ করে দিয়েছেন৷
নতুন ইজাদার রুবেল বলেন, ‘আমি বিএনপির সমর্থক হয়ে হাট ইজারা নেওয়ায় আওয়ামী লীগের সমর্থকেরা ক্ষুব্ধ হন৷ তাঁরা আমাকে ক্ষতিগ্রস্ত করতে হাট থেকে দোকান সরিয়ে বিদ্যালয়ের মাঠে পাকা ঘর করে ব্যবসা ফেঁদে বসছেন৷’
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ‘উপজেলার প্রায় সব বিদ্যালয়ের পাশেই দোকানঘর নির্মাণ করে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাই আমরাও সবার অনুমতি নিয়েই সীমানাপ্রাচীরের পাশ ঘেঁষে দোকাঘর নির্মাণের অনুমতি দিয়েছি৷’
ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল হামিদ বলেন, বিদ্যালয়ের তহবিলে কোনো টাকা নেই৷ তাই সীমানাপ্রাচীর করতে টাকা দরকার ছিল৷ দেয়ালটি দিয়ে দেওয়ার শর্তে ব্যবসায়ীদের দোকান নির্মাণের সুযোগ দেওয়া হয়েছে৷
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সালাম বলেন, বিদ্যালয়ের মাঠে দোকানঘর নির্মাণের কোনো সুযোগ নেই৷ বিষয়টি জানার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে৷ এর পরও কাজ চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে৷