স্কুল মাঠে পশু জবাই, ৬ দিন পর বর্জ্য অপসারণ
চাঁদপুরের পৌর শহীদ জাবেদ উচ্চবিদ্যালয় মাঠে কোরবানির পশু জবাই করেছেন স্থানীয় প্রভাবশালী কয়েক ব্যক্তি। কিন্তু ছয় দিনেও সেই বর্জ্য পরিষ্কার করেননি তাঁরা। পরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধক্রমে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা তা অপসারণ করেন।
ছুটি শেষে গতকাল রোববার বিদ্যালয়টি খোলে। শিক্ষার্থী ও শিক্ষকেরা পশুর বর্জ্যের গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, চাঁদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডি এম শাহজাহানের নেতৃত্বে বিদ্যালয় মাঠে পশু জবাই করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক বলেন, গতকাল বিদ্যালয় খোলার পর পশু জবাইয়ের বিষয়টি পৌর কর্তৃপক্ষকে জানানো হয়। পরে নারী কাউন্সিলর আয়েশা রহমান পরিচ্ছন্নতাকর্মী পাঠিয়ে বর্জ্য অপসারণ করান। কাউন্সিলর ডি এম শাহজাহান দাবি করেন, পৌরসভা থেকে অনুমোদন নিয়ে ১২টি গরু বিদ্যালয় মাঠে জবাই করা হয়। বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায় মাঠ সেভাবে পরিষ্কার করা সম্ভব হয়নি। মেয়র নাছির উদ্দিন আহমেদ বলেন, কোনো বিদ্যালয় মাঠে পশু জবাইয়ের অনুমোদন দেওয়া হয়নি।