স্কুল মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল এস জেড উচ্চবিদ্যালয় মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ বন্ধের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি জানান।

বরকল এস জেড উচ্চবিদ্যালয় ও মাঠ রক্ষা কমিটির ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়। এতে কমিটির সভাপতি মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক খালেদা আক্তার চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো. মঈনুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে বলা হয়, সাহিত্যিক মনিরুজ্জামান ইসলামাবাদী ১৯২৪ সালে বরকল এস জেড স্কুল প্রতিষ্ঠা করেন। সম্প্রতি স্কুলের পরিচালনা কমিটি আয়বর্ধক প্রকল্পের নামে বিদ্যালয়ের মাঠে বাণিজ্যিক ভবন নির্মাণ করছে। এতে শিক্ষার্থীদের পড়ালেখায় ক্ষতি হবে। তাদের খেলার সুযোগ কমে যাবে। অবিলম্বে এই নির্মাণকাজ বন্ধের দাবি জানানো হয় লিখিত বক্তব্যে।

এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহদাত হোসেন বলেন, স্কুলে শ্রেণিকক্ষ-সংকট রয়েছে। পাশাপাশি অতিথি শিক্ষকদের বেতন-ভাতা দিতে সমস্যা হয়। তাই একটি বাণিজ্যিক ও একাডেমিক ভবন করার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় সাংসদ সেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আয়ের পাশাপাশি শ্রেণিকক্ষ-সংকট এতে দূর হবে। যাঁরা বিরোধিতা করছেন তাঁদের অনেকে স্কুলের প্রাক্তন শিক্ষার্থী নন বলে তিনি দাবি করেন।

গতকালের সংবাদ সম্মেলনে বলা হয়, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে ভবন নির্মাণকাজ বন্ধের দাবিতে মানববন্ধন, গণস্বাক্ষর সংগ্রহ, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে। লিখিত বক্তব্যে পরিচালনা কমিটি বাতিল, গাছ কাটা বন্ধ করা এবং বিদ্যালয়ের গত ১০ বছরের নিরীক্ষা হিসাব প্রকাশের দাবিও জানানো হয়।