স্কুল বাঁচাতে রাস্তায় প্রতিবন্ধী শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন স্কুল অরক্ষিত রেখে আগারগাঁও-মিরপুর সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন স্কুলটির শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা। অবশ্য কোনো কারণে সেটা সম্ভব না হলে মিরপুরের কোনো একটি সরকারি খাসজমিতে স্কুলটি স্থানান্তর করে তারপর সড়ক নির্মাণ চেয়েছেন তাঁরা।


আজ সোমবার সকালে মিরপুর ২ নম্বর সেক্টরে ৪০০ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা স্কুলের সামনের সড়কে মানববন্ধনে অংশ নেন।


মানববন্ধন শেষে স্কুলের অভিভাবকদের সংগঠন প্যারেন্টস ভয়েসের আহ্বায়ক বেলালউদ্দিন সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধীদের জন্য এটাই সবচেয়ে বড় স্কুল। তিনি বলেন, তাঁরা জানতে পেরেছেন স্কুলটি ভেঙে ঢাকা মহানগর (উত্তর) সড়ক নির্মাণ করবে। ইতিমধ্যে আগারগাঁও থেকে মিরপুর পর্যন্ত সড়কের ৬০ ভাগ কাজ শেষ হয়েছে। স্কুলটি উঠিয়ে দিতে মহানগর কর্তৃপক্ষ সমাজকল্যাণ মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে।


১৯৮৭ সালে গৃহায়ণ কর্তৃপক্ষ স্কুলের জন্য ১১ কাঠা জমি বরাদ্দ দেয়। ২০০২ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় এখানে তিন কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণ করে।


এ ব্যাপারে জানতে চাইলে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মেশকাত আহমেদ প্রথম আলোকে বলেন, স্কুলটি রক্ষার জন্য তাঁরা বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু করেছেন। খুব শিগগিরই স্থানীয় সরকার মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হবে। তিনি বলেন, মন্ত্রণালয় চায় স্কুলটি যথাসম্ভব অরক্ষিত রেখে যেন সড়কের কাজটি করা হয়।