স্কুল রক্ষার দাবিতে অনশন কর্মসূচি
ধ্বংসের হাত থেকে স্কুলকে রক্ষার দাবিতে গতকাল বৃহস্পতিবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী রেলওয়ে সরকারি চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অনশন কর্মসূচি শুরু করেছে। বিকেল সাড়ে চারটার দিকে পাকশী বিভাগীয় রেলওয়ে সদর দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দাবি পূরণের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করে।
শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্র জানায়, পাকশী রেলওয়ে সদর দপ্তরের পাশে অবস্থিত ঈশ্বরদী ইপিজেডের দেয়ালের কারণে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠটি ঢেকে গেছে। পাশাপাশি রেলওয়ে কর্তৃপক্ষের অবহেলার কারণে স্কুলের ভবন ধসে পড়ার উপক্রম হয়েছে। এ ছাড়া শ্রেণিকক্ষে বিদ্যুৎ-সংযোগ নেই। বর্ষাকালে ছাদ চুইয়ে পানি পড়ে শিক্ষার্থীদের বইখাতা ভিজে যায়। মাঠে হাঁটুপানি জমে। এসব কারণে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। বিদ্যাপীঠটি ধ্বংস হতে চলেছে। তাই বিদ্যাপীঠটি রক্ষা করা জরুরি।
স্কুলের প্রধান শিক্ষক দেবদাস স্যানাল প্রথম আলোকে বলেন, চারজন শিক্ষক ও ১৩০ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয়ে আসা-যাওয়ার রাস্তা ও বিদ্যালয় ভবনটি আড়াল হয়ে যাওয়ায় ভুতুড়ে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ক্রমে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে।