স্কুল শেষে ফেরার পথে নৌকা ডুবে দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের ক্লাস শেষে বাড়ি ফেরার পথে একটি বিলে নৌকা ডুবে দুই শিশু নিহত হয়েছে।  কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরও সাতজন শিশু শিক্ষার্থী।

নিহত শিশুরা হলো পশ্চিম শেরবাজ গ্রামের নাসিমা বেগম (৬) ও জিদনী বেগম (৬)। তারা উভয়েই মনোহরপুর শেরবাজ প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মনোহরপুর শেরবাজ প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম শেবরাজ গ্রামের শিক্ষার্থীদের নৌকায় করে স্কুলে যাতায়াত করতে হয়। দুপুর ১২টায় ওই স্কুলের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস ছুটির পর শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নৌকায় ওঠে। নৌকাটি শেরবাজ এলাকায় পৌঁছালে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে উল্টে যায়। গ্রামবাসীর সহায়তায় সাত শিক্ষার্থীকে তীরে  আনা সম্ভব হলেও নাসিমা ও জিদনী বিলের পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।

সাদেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হক বলেন, দুই ছাত্রীর মৃত্যুর ঘটনায় ইউনিয়নজুড়ে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন জানান, নৌকাডুবির ঘটনাটি তাঁদের জানা নেই। কেউ তাঁদের এ বিষয়ে জানায়নি।