স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পর্কে জানে না বহুশিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনায় স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রয়েছে স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্র। কিন্তু জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের অনেক শিক্ষক ও শিক্ষার্থী এই স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পর্কেই জানে না।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের কর্মকর্তারা জানান, বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ দেওয়াই স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্রের কাজ। নিয়ম অনুযায়ী, এখানকার চিকিৎসকেরা বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের রোগনির্ণয় ও প্রয়োজনীয় ওষুধ দেবেন। প্রয়োজনে শিক্ষার্থীরাও স্বাস্থ্যসেবাকেন্দ্রে গিয়ে বিনা মূল্যে চিকিৎসাসেবা নেবে।

জেলা শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বলছে, স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্রের চিকিৎসকদের তারা কখনো স্কুলে দেখেনি। এই স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পর্কেও তাদের জানা নেই।

স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্রের পাশে শহরের টাউন গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস বলল, সে চার বছর ধরে এই স্কুলে পড়ছে। কিন্তু সে স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্রের কথা শোনেনি। কোনো দিন স্বাস্থ্যসেবাকেন্দ্রের চিকিৎসকদের স্কুলে দেখেনি।

শহরের সেলিম নাজির উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাজীব হোসেন বলল, ‘আজই প্রথম স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্রের নাম শুনছি। স্কুলে অনেককে অসুস্থ হতে দেখেছি, কিন্তু কখনো স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্র থেকে কেউ সেবা দিতে আসেনি।’

পাবনা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জায়েদুর রহমান বলেন, ‘আমি ছয় মাসের বেশি সময় এই স্কুলে কর্মরত। কিন্তু কখনো স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্রের কেউ এখানে আসেনি। এই স্বাস্থ্যসেবাকেন্দ্র সম্পর্কে বেশির ভাগ শিক্ষার্থীও জানে না।’

শহরের আবদুল হামিদ সড়কের গোপালপুর মহল্লায় একতলা একটি ভবনে এই স্বাস্থ্যসেবাকেন্দ্র। কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন এমএলএসএসের পদ নিয়ে এই স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্র। এর মধ্যে দীর্ঘদিন ধরে চিকিৎসা কর্মকর্তার একটি পদ শূন্য।

মো. কামরুজ্জামান বলেন, ‘এই কেন্দ্রে আমি একাই চিকিৎসক। বোর্ডের বিভিন্ন পরীক্ষা, স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা ও সরকারি বিভিন্ন অনুষ্ঠান নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হয়। তাই স্কুলে খুব বেশি যাওয়া হয় না।’ তিনি বলেন, ‘তবে এখানে কেউ এলে তাকে আমরা প্রয়োজনীয় সেবা দেওয়ার চেষ্টা করি।’

এ প্রসঙ্গে পাবনার সিভিল সার্জন তাহসিন বেগম বলেন, ‘মূলত লোকবল-সংকটের কারণেই স্কুল স্বাস্থ্যসেবাকেন্দ্র সঠিক সেবা দিতে পারছে না। লোকবল বাড়ানোর জন্য আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করেছি।’