স্কুল স্যানিটেশন বাস্তবতা ও করণীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৩ ডিসেম্বর ২০১৪, প্রথম আলোর আয়োজনে ‘স্কুল স্যানিটেশন: বাস্তবতা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত আলোচকদের বক্তব্য সংক্ষিপ্ত আকারে এই ক্রোড়পত্রে প্রকাশিত হলো।

.
.

আলোচনা 

আব্দুল কাইয়ুম:  সার্বিক স্কুল স্যানিটেশন-ব্যবস্থা উন্নত না হওয়ায় স্বাস্থ্য উন্নয়ন-প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। এটা পারিবারিক ও  জাতীয় উন্নয়নে বিরূপ প্রভাব ফেলছে। সামগ্রিক স্কুল স্যানিটেশন-ব্যবস্থা উন্নয়নের বিষয়টিকে সামনে আনতে হবে। ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে। যথাযথ প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিশ্চিত করা প্রয়োজন। তা না হলে স্কুলের শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ে যাবে। এখন আলোচনার সূত্রপাত করবেন হাসিন জাহান।

হাসিন জাহান: ২০১৪ সালে স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের উদ্যোগে ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় আইসিডিডিআরবি (আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র) বাংলাদেশ জাতীয় ভিত্তিমূল জরিপ (ন্যাশনাল হাইজিন বেসলাইন সার্ভে) পরিচালনা করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি চর্চার বিষয়ে ধারণা পেতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জরিপ করা হয়। 

জরিপে দেখা গেছে, ৮৪ শতাংশ স্কুলে উন্নত এবং ১২ শতাংশ স্কুলে অনুন্নত ল্যাট্রিন আছে। ৪ শতাংশ স্কুলে কোনো ল্যাট্রিন নেই। গড়ে ১৮৭ জন শিক্ষার্থীর জন্য একটি ল্যাট্রিন আছে। এটি প্রয়োজনের তুলনায় একেবারেই কম। স্কুলগুলোর ৫৫ শতাংশ ল্যাট্রিনে তালা দেওয়া থাকে। খোলা থাকা ল্যাট্রিনগুলোর মধ্যে মাত্র ২৪ শতাংশ ব্যবহারের উপযোগী। ৮০ শতাংশ স্কুলে নিরাপদ পানির ব্যবস্থা আছে। কিন্তু ল্যাট্রিনের কাছাকাছি হাত ধোয়ার পানির ব্যবস্থা আছে মাত্র ৪৫ শতাংশ স্কুলে। পানি, সাবানসহ হাত ধোয়ার ব্যবস্থা আছে এক-তৃতীয়াংশ স্কুলে। ১৬৯ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে স্কুলগুলো গড়ে খরচ করে ৬১ টাকা। ‘মাসিক’ বা ‘পিরিয়ড’ কিশোরীদের দৈহিক ও মানসিক পরিবর্তনের স্বাভাবিক প্রক্রিয়া। কেবল ৬ শতাংশ ছাত্রী মাসিক সম্পর্কে স্কুল থেকে জানতে পারে। কেবল ১১ শতাংশ স্কুলে ছাত্রীদের জন্য আলাদা টয়লেট আছে। কিন্তু মাসিক ব্যবস্থাপনার ব্যবস্থা আছে মাত্র ৩ শতাংশ স্কুলে। তাই ৮৬ শতাংশ ছাত্রী মাসিকের সময় স্কুলে আসতে চায় না। ৪০ শতাংশ ছাত্রী মাসিকের সময় গড়ে তিন দিন পর্যন্ত স্কুলে অনুপস্থিত থাকে। 

মাসিক ব্যবস্থাপনার বিষয়টি কারিকুলামে আছে। কিন্তু শিক্ষকেরা এটি এড়িয়ে যাচ্ছেন। তাই শিক্ষক প্রশিক্ষণের সময় এ বিষয়টিতে বিশেষ গুরুত্ব দিতে হবে। হাত ধোয়ার উপকরণ ও টয়লেট পরিচ্ছন্ন রাখার জন্য সরকারের দিক থেকে অর্থ বরাদ্দ প্রয়োজন। স্কুলশিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এ বিষয়টি অত্যন্ত জরুরি। 

চৌধুরী মুফাদ আহমদ: বিশ্বব্যাপী স্কুল স্যানিটেশনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গত শতাব্দী থেকে বিষয়টি আন্তর্জাতিকভাবে জরুরি বিষয় হিসেবে আলোচনায় এসেছে। দেশের প্রায় ৮৪ শতাংশ স্কুলে টয়লেট আছে। তবে এর প্রায় অর্ধেক বন্ধ থাকে। এসব বিষয় কারও অজানা নয়। স্যানিটেশনের দুটো অংশ—হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে যদি সঠিক সামঞ্জস্য থাকা প্রয়োজন। যেখানে-সেখানে হঠাৎ করে একটি টয়লেট বানানো সহজ। কিন্তু সেটি সচল রাখার বিষয়টি গুরুত্বের সঙ্গে ভাবা প্রয়োজন। স্যানিটেশন রক্ষণাবেক্ষণের বিষয়টি স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণের মধ্যে অপরিহার্য করা প্রয়োজন। 

যেসব স্কুল কেবল মেয়েদের জন্য এবং যেসব স্কুলে ছেলেমেয়ে একসঙ্গে পড়ে, কেবল সেসব স্কুলের জন্য ভারত সরকার একটি স্যানিটেশন প্রকল্প নিয়েছিল। অর্থাৎ উদ্দেশ্য ছিল যেখানে মেয়েরা আছে, সেখানে অবশ্যই স্যানিটেশনের সুযোগ থাকতে হবে। যদি স্কুলে একটি টয়লেট থাকে, তবে সেটি থাকবে মেয়েদের জন্য। শিক্ষার্থীদের টয়লেট ব্যবহারের নিয়ম ও প্রয়োজনীয়তা সম্পর্কে কর্মশালা করা প্রয়োজন।

মিলন কান্তি বড়ুয়া: স্থানীয় সরকারের এবং অন্যান্য প্রকল্পের অধীনে দেশব্যাপী স্যানিটেশন কার্যক্রম চলেছে। স্যানিটেশন-ব্যবস্থা একটা সন্তোষজনক পর্যায়ে এসেছে। তবে মূল বিষয় হলো একে কীভাবে কার্যকর রাখা যায়। দেশে প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা মিলিয়ে এক লাখ ১৩ হাজার ৩৫টি প্রতিষ্ঠান রয়েছে। বেসরকারিভাবে আরও অনেক আছে। সরকার পিইডিপির (প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্প) অধীনে এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) ও বিশ্বব্যাংকের অর্থায়নে ১ লাখ ২৮ হাজার ৯৫৫টি টয়লেট, ৫৩ হাজার ৭৫০টি মূত্রতাগের জায়গার ব্যবস্থা করবে। ৪৯ হাজার ৩০০টি নলকূপ স্থাপন করবে। কার্যকর স্যানিটেশন ব্যবস্থার জন্য কিছু করণীয় বিষয় আছে। বিশেষ করে মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেটের ব্যবস্থা ও অব্যবহৃত টয়লেটগুলোকে কার্যকর করতে হবে। সপ্তাহে এক দিন স্কুলে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো, এক দিন স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করা, স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা করা। 

মাধ্যমিক স্কুলগুলোতে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাস থেকে ছয়জন ছাত্রছাত্রী, একজন মহিলা ও একজন পুরুষ শিক্ষক নিয়ে একটি ওয়াশ দল গঠন করা। খাবার ও টয়লেটের পানির ব্যবস্থা ঠিক রাখার জন্য একজন নির্বাচিত শিক্ষককে দায়িত্ব দেওয়া। বিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্যবিধি কার্যক্রম তদারক করা। শিক্ষা বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে একটা নির্দিষ্ট সময় অন্তর তদারক করা। 

পৃথক ওয়াশ তহবিল গঠন করা ও এর ব্যবহার নিশ্চিত করা। পুরুষ শিক্ষক দ্বারা ছাত্রদের ও নারীশিক্ষক দ্বারা ছাত্রীদের বয়ঃসন্ধিকালীন বিষয় আলোচনা করা। কোথায় টয়লেট হবে সে ক্ষেত্রে ছাত্রীদের মতামত নিতে হবে। ওপর থেকে চাপিয়ে দিয়ে যেখানে-সেখানে টয়লেট দিলে সেটা ব্যবহারের উপযোগী হবে না। এ কাজগুলো করতে পারলে স্কুলে স্যানিটেশন-ব্যবস্থা উন্নত হবে।

মোহাম্মাদ মহসিন: শিক্ষাপ্রতিষ্ঠানের কারিকুলামে স্যানিটেশন, হাত ধোয়াসহ অন্যান্য বিষয় আছে। শিক্ষার্থীদের জীবনদক্ষতা শেখানোর জন্য ইউনিসেফ সরকারকে সহযোগিতা করছে। ইতিমধ্যে কয়েক হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে। এ ক্ষেত্রে সরকারও বড় প্রকল্প নিচ্ছে। প্রাথমিক বিদ্যালয়ের জন্য মূল প্রকল্প পিইডিপি-৩। কিন্তু পিইডিপি-১ ও ২-এর অভিজ্ঞতায় পিইডিপি-৩-এর টয়লেট ডিজাইনে অনেক পরিবর্তন আনা হয়েছে। খরচও আগের তুলনায় বেড়েছে। কারিকুলামে স্যানিটেশন, জীবনদক্ষতাসহ অনেক বিষয় আছে। কারিকুলামে থাকার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো শ্রেণিতে শিক্ষকেরা বিষয়টি কীভাবে নিচ্ছে। যেমন শিক্ষার্থীদের বয়ঃসন্ধিকালের বিষয়টি কিছুটা স্পর্শকাতর। ফলে অধিকাংশ স্কুলে এটি পড়ানো হয় না। না পড়ানোর বিষয়টি একধরনের অভ্যাসে পরিণত হচ্ছে। এ থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের আচরণের পরিবর্তন আনতে হবে। তা না হলে অনেক কিছু থাকার পরও সফলতা অর্জন করতে পারব না। 

আমাদের মধ্যে একধরনের সংস্কৃতি আছে যে কোনোভাবে করে দিতে পারলেই হলো। রক্ষণাবেক্ষণ হচ্ছে কি না, সেদিকে কারও খেয়াল থাকে না। অবশ্য পিইডিপি-৩-এ স্যা​িনটেশনের সব সুযোগ–সুবিধা থাকবে। কিন্তু পরবর্তী সময়ে সঠিক তদারকির অভাবে হয়তো আবার আমরা গোড়াতেই ফিরে যাব। তাই সঠিক তদারকি খুব গুরুত্বপূর্ণ।

মো. জাকী হাসান: দেশের বিভাগীয় শহরগুলোতে আমাদের পরিচালিত ৬৩টি বিদ্যালয় আছে। এসব বিদ্যালয়গুলোতে প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ানো হয়। এর মধ্যে কারিগরি শিক্ষা আছে। আমাদের বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীদের জন্য পৃথক টয়লেট আছে। সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা আছে। স্যানিটেশন কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ কার্যক্রম সফলতার জন্য বড় ভূমিকা হলো শিক্ষার্থীদের অংশগ্রহণ। আমাদের কার্যক্রম-প্রক্রিয়া অন্যরা কাজে লাগাতে পারে। কেবল শিক্ষার্থীদের অংশগ্রহণ থাকলে হবে না। স্যানিটেশনসহ বিভিন্ন বিষয়ের সঠিক ব্যবস্থাপনার জন্য বাজেটের প্রয়োজন হয়। আমরা শিক্ষা বলতে শিক্ষার্থী আর শিক্ষককে বুঝি। সবকিছু মিলিয়েই যে শিক্ষা। আমাদের কোনো নির্ধারিত লক্ষ্য নেই।  যখন যেটা নিয়ে কথা বলছি, মনে হচ্ছে সেটিই প্রধান। কিছু লক্ষ্য নির্ধারণ করে সেভাবে এগোতে হবে। তা না হলে  সফলতা অর্জন করতে পারব না। মিলেনিয়াম গোল নিয়ে যখন আলোচনা হচ্ছিল, তখন অনেকে এটা নিয়ে উপহাস করেছিলেন। কিন্তু এখন বুঝতে পারছি এটা আমাদের উন্নয়নে কত এগিয়ে নিয়েছে। এখন আবার আগামী ১৫ বছরের জন্য এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা টেকসই উন্নয়ন) ঠিক হচ্ছে। এ লক্ষ্যমাত্রায় বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের বিষয়টি থাকবে। এসডিজিকে বিবেচনা করে এখন থেকেই যদি বিশুদ্ধ পানি ও স্যানিটেশনের জন্য একটি লক্ষ্যমাত্রা ঠিক করি, সেটাই হবে আমাদের সঠিক পদক্ষেপ।

শরিফুজ্জামান: বিভূতিভূষণের পথের পাঁচালীর শিশু চরিত্র অপু-দুর্গা। দারিদ্র্যের কঠিন শিকলে বন্দী তাদের জীবন। ছেঁড়া মাদুরে বসে বিদ্যার্জনের এক বিলাসী চেষ্টা। বাংলাদেশে এখন আর এমন দৃশ্য দেখা যায় না। আমরা বরং খুঁজেই বেড়াই কোথায় স্কুল নেই। কোথাও কেউ খোলা আকাশের নিচে ক্লাস করছে কি না। এমন অবস্থা এখন বাংলাদেশে খুঁজে পাওয়া কঠিন। প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় এক লাখ। এর অধিকাংশই এখন পাকা ভবন। এসব ভবনে স্যানিটেশনের ব্যবস্থা আছে। অনেক ক্ষেত্রে এগুলো রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। বছর খানেক আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দেখার একটা উদ্যোগ নিলাম। একটা এলাকার কিছু প্রাথমিক বিদ্যালয় দেখে বিস্মিত হলাম। প্রায় অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ের টয়লেটের অবস্থা ভয়াবহ। একটি স্কুলে দেখলাম, টয়লেট পানিতে ভরে আছে। ওপরে ময়লা ভাসছে। দু-একজন শিক্ষার্থী দরজার বাইরে দাঁড়িয়ে প্রাকৃতিক কাজ সারছে। কিন্তু ওই টয়লেটে কোনোভাবেই মেয়েদের যাওয়া সম্ভব নয়।

 যতগুলো প্রতিষ্ঠান দেখলাম, প্রায় একই অবস্থা। তবে বেসরকারি স্কুলগুলোর অবস্থা তুলনামূলকভাবে ভালো। এসবের প্রধান সমস্যাটি কিন্তু আজকের আলোচনায় উঠে এসেছে। টয়লেট রক্ষণাবেক্ষণ হলো মূল সমস্যা। রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে স্কুল কমিটিকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পরিবারের একটি বড় ভূমিকা রয়েছে। দেশে ভালো কাজের অনেক উদাহরণ আছে। যেমন, ইপিআই ও (সম্প্রসারিত টিকাদান কর্মসূচি) পরিবার পরিকল্পনায় সবার অংশগ্রহণে সফলতা এসেছে। একইভাবে স্কুল স্যানিটেশনের ক্ষেত্রেও সবার অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন। তাহলে ভবিষ্যতে এ ক্ষেত্রে এখনকার মতো দুরবস্থা আমাদের আর দেখতে হবে না।

মঞ্জুর আহমেদ: স্যানিটেশনের ক্ষেত্রে একটি ভিত্তি জরিপ হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি। কারণ, এত দিন আমরা কেবল জানতাম স্যানিটেশনের ক্ষেত্রে সমস্যা আছে। কিন্তু কী সমস্যা আছে, কোথায় সমস্যা আছে, কতটুকু সমস্যা আছে—এটা জানতাম না। ভিত্তি জরিপ এ ক্ষেত্রে আমাদের চোখ খুলে দিয়েছে। অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা পরিকল্পনাহীন। ফলে এ উন্নয়ন থেকে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না। ছাত্রীদের মাসিকের বিষয়টি খুব সংবেদনশীল। স্কুলে স্যানিটেশন-ব্যবস্থা না থাকলে তাদের বিপদের শেষ থাকে না। মাসিক ব্যবস্থাপনার জন্য স্কুলের যেকোনো একজন শিক্ষিকাকে প্রশিক্ষণ দিয়ে, প্রয়োজনে কিছু পারিশ্রমিক দিয়ে তৈরি করা প্রয়োজন। মেয়েদের মাসিকসহ যেকোনো সমস্যা তাঁকে বলবে। তিনি ছাত্রীদের সব বিষয়ে সহযোগিতা করবেন। 

মো. নজরুল ইসলাম খান: বিদেশে শিক্ষার্থীদের শারীরিক, মানসিক সমস্যাগুলো শিক্ষক-শিক্ষিকারা দেখেন। ব্রিটিশ স্কুলগুলোতে শিক্ষক-শিক্ষিকারা ছোট ছেলেমেয়েদের টয়লেটে নিয়ে যান। তাদের কাপড়টা খুলে দেন। আনুষঙ্গিক সব কাজই করে দেন। আমাদের দেশে এ কালচার নেই। তাঁরা কেবল পড়ানোকেই দায়িত্ব মনে করেন। সিরাজগঞ্জের একটি স্কুলে গিয়ে দেখি, টয়লেটের অবস্থা ভয়ানক খারাপ। জানা গেল, পরিষ্কার করার লোক নেই। আমি পরিষ্কারের উদ্যোগ নিলাম। তখন অবশ্য তারাই করল। অনেকে বলেন, তহবিল নেই, এ কাজগুলো কে করবে? আমার অভিজ্ঞতা হলো, তহবিল দিয়ে এটা হবে না। 

সরকারি অফিসগুলোতে তহবিল আছে। আরও অনেক জায়গায় তহবিল আছে। এসব জায়গায়ও টয়লেট খুব নোংরা থাকে। এমনকি সচিবালয়ের অনেক টয়লেট পরিষ্কার থাকে না। অনেক পরিবারের টয়লেট নোংরা থাকে। তাদের তহবিলের অভাব নেই। লোকবলের অভাব নেই। এটা আসলে রুচিবোধের ব্যাপার। সংস্কৃতির ব্যাপার। তার পরও একটা থোক বরাদ্দ দিয়ে এর কার্যকারিতা দেখা যেতে পারে। সবচেয়ে বড় কাজ হলো আমাদের রুচিবোধ ও সংস্কৃতির পরিবর্তন করা। স্কুলে শিক্ষক–শিক্ষার্থী সবাই মিলে একটা কাউন্সিল করবে। এরা বিশুদ্ধ পানি, স্যানিটেশন ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিষয়ে কাজ করবে। তাহলে এ কাজগুলো টেকসই হবে। অনেক টয়লেট কোনোরকম সচল থাকলেও লাইট নেই, দরজা ভাঙা, পুরোনো স্যাঁতসেঁতে ইত্যাদি সমস্যা আছে। নকশায় জানালা বড় রাখলে এমনিতেই আলো পাওয়া যেতে পারে। টয়লেটে ঢুকলে আলো জ্বলবে, বেরিয়ে এলে বন্ধ হবে। এখন সস্তায় এ প্রযুক্তি ব্যবহার করা যায়।

জহিরুল ইসলাম: সবার কাজের মধ্যে বড় ধরনের সমন্বয়হীনতা রয়েছে। স্যানিটেশনের জন্য খুব বেশি বিনিয়োগের প্রয়োজন হয় না। কিন্তু এর ব্যবস্থাপনাটা কীভাবে করা হবে, সেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ভালো স্যানিটেশন-ব্যবস্থার ওপর শারীরিক-মানসিক কতকগুলো সুফল রয়েছে। তাই এ সুযোগ আমাদের নিতে হবে। কিছুটা আন্তরিক উদ্যোগ থাকলে অল্প সময়ের মধ্যে এ ক্ষেত্রে একটা পরিবর্তন আনা সম্ভব। একটা কাজের সঙ্গে কয়েকটি মন্ত্রণালয় জড়িত থাকে। যেমন, স্যানিটেশনের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ইত্যাদি মন্ত্রণালয়ের সম্পৃক্ততা রয়েছে। এদের একসঙ্গে বসার প্রয়োজন রয়েছে। নিজেদের মধ্যে বিভিন্ন তথ্য আদান-প্রদানের বিষয় রয়েছে। যেকোনো কাজের সফলতার জন্য আন্তমন্ত্রণালয়ের মধ্যে ঘন ঘন যোগাযোগ খুব জরুরি। কিন্তু এসব কাজ একেবারে হয় না বললেই চলে। আমরা অনেক কিছু পেরেছি। এটাও পারব।

দেওয়ান মো. হানজালা: আজকে দিকনির্দেশনামূলক একটি আলোচনা হয়েছে। অনেক সুপারিশ ও পরামর্শ এসেছে। শিক্ষা মন্ত্রণালয় এগুলো ভবিষ্যতে বাস্তবায়ন করার চেষ্টা করবে। স্যানিটেশনের ক্ষেত্রে আমাদের বর্তমান নকশাটি বেশ বাস্তবভিত্তিক। ইউনিসেফ তাদের কার্যক্রমে আমাদের নকশা প্রয়োগ করছে। ১৯৯৫ সালের আগ পর্যন্ত ধারণা ছিল টয়লেট দূরে করতে হবে। দেড়-দুই দশক ধরে খুব সহজে বাথরুম ব্যবহার করা যায় এমন জায়গায় বাথরুম করছে। আমাদের নকশায়ও সেভাবে আছে। আমরা ছেলেমেয়ে ও শারীরিকভাবে অক্ষম, সবাই যাতে নিরাপদে টয়লেট ব্যবহার করতে পারে সেভাবে নকশা করেছি। এ নকশা অনুযায়ী কাজ হচ্ছে। নকশায় সাপ্লাই পানি না থাকলেও মোটরের মাধ্যমে নিচ থেকে পানি তোলার ব্যবস্থা আছে। মেয়েদের মাসিক ব্যবস্থাপনার পর্যাপ্ত সুযোগ-সুবিধা রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সুযোগ-সুবিধাসহ ৯ হাজার ১৯২টি সমন্বিত টয়লেট করা হয়েছে। স্কুলের ছেলেমেয়েদের জন্য আরও ছয় হাজার স্কুলে টয়লেট করার পরিকল্পনা সরকারের আছে। 

তালাত মাহমুদ: ব্যক্তিগত চর্চার জায়গাটায় জোর দিতে চাই। দেশের গ্রামের মানুষ দরিদ্র। তাদের বাড়িতে মানসম্মত টয়লেট নেই। এসব পরিবারের শিশুরা বাড়িতে টয়লেট ব্যবহারের তেমন কিছু জানে না। এদিকে স্কুলে শিক্ষকেরা এ বিষয়ে তাদের তেমন কিছু বলেন না। ফলে এসব শিশুর শেখার কোনো সুযোগ নেই। বিত্তশালীদের সন্তানেরা বাড়িতে শেখে। আবার স্কুলেও ​িবভিন্ন বিষয় শেখানো হয়। গ্রামের স্কুলের অধিকাংশ শিশুর বাড়িতে এসব বিষয় শেখানো হয় না। তাই শিক্ষকদের এ ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া খুব জরুরি। শিক্ষকেরা শ্রেণিতে এগুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করবেন। শিক্ষকেরা শিশুদের হাতে–কলমে দেখাবেন। পরে শিক্ষার্থীদের ক্লাসে একজন করে টয়লেট ব্যবহারের বিষয়টি বলতে বলবেন। চর্চাটা এভাবে হলে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে শিখবে। 

আমরা একটা গবেষণায় দেখেছি, টয়লেটের পর ১০ শতাংশ শিক্ষার্থী সাবান দিয়ে হাত ধোয়। আমরা টিউবওয়েলের পাশাপাশি ড্রামের পানি রেখে পাইপের মাধ্যমে ট্যাপে দেওয়ার ব্যবস্থা করলাম। এতটুকু পরিবর্তনের মাধ্যমে দেখলাম, টয়লেটের পর হাত ধোয়ার পরিমাণ হয়েছে ৭৪ শতাংশ। এভাবে অল্প বিনিয়োগে ছোট পরিবর্তন করে অনেক উন্নতি করা সম্ভব। 

মো. সিরাজুল হক: দেশে এখন স্যানিটেশনের ক্ষেত্রে অনেক কাজ হচ্ছে। কিন্তু প্রথম এ কাজটি শুরু করেছিল ইউনিসেফ, ইউএনএফপিএ ও ব্র্যাক। জেনারেশন ব্রেক থ্রু প্রকল্পের মাধ্যমে ১৮ কোটি ঢাকা ব্যয়ে ৩৫০টি স্কুলে ছাত্রীদের মাসিক ব্যবস্থাপনা বিভিন্ন বিষয়ে কাজ করব। আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে কাজ করছি। এসব কাজের মধ্যে ওয়াশ ও স্যানিটেশনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পটুয়াখালীর রাস্তার পাশের একটি স্কুলে গিয়ে দেখলাম অন্ধকার রুমের মধ্যে টয়লেট। টয়লেটের অবস্থা খুবই খারাপ। রুমের ফ্লোরে অনেকে প্রস্রাব করেছে। গ্রামের অবস্থাও খারাপ। আমাদের সীমাবদ্ধতা আছে। কিন্তু কাজও হচ্ছে। িদল্লিতে সার্ক দেশগুলোর এক কর্মসূচি হয়েছিল। তখন ওখানকার মন্ত্রী জয়রাম রমেশ বলেছিলেন, স্যানিটেশনে ভারতের থেকে বাংলাদেশ এগিয়ে। আমাদের গ্রামে আগের অবস্থা নেই। প্রায় সব বাড়িতেই এখন টয়লেট আছে। সুইপার দিয়ে টয়লেট পরিষ্কার রাখা সম্ভব নয়। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের কাজ করতে হবে। সবকিছু মিলিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। 

মো. খায়রুল ইসলাম: টয়লেটে চলমান পানির ব্যবস্থা থাকা খুবই প্রয়োজন। তা না হলে টয়লেট পরিষ্কার রাখা সম্ভব নয়। বর্তমান নকশায় চলমান পানির ব্যবস্থা আছে। কিন্তু পুরোনো স্কুলগুলোতে এ সুযোগ নেই। আজকের অনুষ্ঠানে সরকারের সংশ্লিষ্ট যাঁরা আছেন, তাঁদের অনুরোধ করব পর্যায়ক্রমে পুরোনো টয়লেটগুলোতে যেন চলমান পানির ব্যবস্থা রাখা হয়। বর্তমানে অনেক আধুনিক প্রযুক্তি আছে। 

এসব প্রযুক্তি অল্প খরচে বেশি সুবিধা দিতে পারে। যেমন, হাতকলের মধ্যে আজকাল একধরনের বাল্ব আছে, যা বিদ্যুৎ ছাড়াই ওপরে পানি তুলতে সাহায্য করে। এভাবে আমরা পুরোনো স্কুলগুলোতে পানির ব্যবস্থা করতে পারি কি না, সেটা ভাবতে হবে। স্যানিটেশনের কাজে বিনিয়োগ ব্যয় কম। কিন্তু রক্ষণাবেক্ষণের ব্যয় বেশি। কর্তৃপক্ষ কেবল বিনিয়োগের বিষয়টি ভেবেছে। এখন সময় এসেছে রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্বে সঙ্গে ভাবার। এ খাতে কখনো তহবিল ছিল না। এখন থোক বরাদ্দ হোক বা অন্য কোনো উপায়ে হোক, একটা তহবিলের ব্যবস্থা করা প্রয়োজন। আরেকটি জরুরি বিষয় বলতে চাই। শহরের অনেক নামকরা স্কুলেও শিক্ষার্থীদের বাসা থেকে বোতলে করে পানি নিয়ে যেতে হয়। সে ক্ষেত্রে দুর্গম অনুন্নত কোস্টাল এলাকাসহ কিছু জায়গায় শিক্ষার্থীরা স্কুল থেকে পানি বাড়িতে আনে। সেখানে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা আছে। দেশের সব স্কুলে এ ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়টিও ভাবা প্রয়োজন। সব ক্ষেত্রে অর্থের প্রয়োজন হয় না। প্রয়োজন আন্তরিক উদ্যোগের।

জুয়েনা আজিজ: আলোচনায় সচেতনতার কথা এ​েসছে। সচেতনতা নিয়ে আজকাল বিভিন্ন কর্মসূচি হচ্ছে। এখন মানুষ জানে না সেটা কিন্তু না।  সবই জানে। কেউ কেউ  তদারকির বিষয়টি বলেছেন। আমি মনে করি, তদারকই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আমরা বিদেশে দেখেছি, প্রতিদিনই কোনো না কোনো সময় তদারককারী এসে জিজ্ঞেস করেন রুম-বাথরুম ঠিকমতো পরিষ্কার হয়েছে কি না। 

তদারকিটা ঠিকমতো হলে আমাদের সমস্যা অনেকটাই কমে যাবে। এ ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া প্রয়োজন। তাঁরা টয়লেট ব্যবহার করবেন। তাই নিজেদের দায়িত্বে এটি পরিষ্কার রাখবেন। ব্যবস্থাপনা কমিটি স্কুলের উন্নয়নসহ সব কাজ দেখাশোনা করে। এ জন্য তদারকির দায়িত্বটি তারা নিতে পারে। স্যানিটেশন-ব্যবস্থার উন্নয়নের জন্য আমরা সবাই একমত। আমরা অনেক কিছু করতে পেরেছি। নিশ্চয়ই এটাও করতে পারব। 

রাশেদা কে চৌধূরী: স্যানিটেশন বিষয়ে জরিপটি ছিল ত্রিপক্ষীয়। এখানে সরকার আন্তর্জাতিক সংস্থা আইসিডিডিআরবি ও বেসরকারি সংগঠন ওয়াটারএইড আছে। এভাবে সবাই মিলে কাজ করলে আমরা অনেক সমস্যার সমাধান করতে পারব। এ ক্ষেত্রে ব্যক্তি খাতেরও ভূমিকা থাকা প্রয়োজন বলে মনে করি। ব্যক্তি খাত দিবসভিত্তিক হাত ধোয়া কর্মসূচি করছে। এটাকে আরও  বিস্তৃত করা প্র​ে​য়াজন। 

স্যানিটারি ন্যাপকিনের জন্য স্কয়ারের সঙ্গে কথা বলা যেতে পারে। তাদের এ ক্ষেত্রে আগ্রহ আছে। বর্তমানে সুন্দরবন এলাকার স্কুলগুলোর স্যানিটেশনের অবস্থা কী? মনে হয়, সিডরের চেয়েও খারাপ অবস্থা তৈরি হয়েছে। গণমাধ্যম এসব বিষয় প্রতিবেদন প্রচার করলে মানুষ জানতে পারবে। দেশের সরকারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ। আমাদের নীতিনির্ধারকদের কারও সন্তানই এসব স্কুলে পড়ে না। উচ্চপর্যায় থেকে গ্রাম এলাকার মেম্বারের সন্তান পর্যন্ত বিদেশে বা দেশে দামি স্কুলে পড়ে। বাধ্য না হলে এ স্কুলে শিক্ষার্থীরা যায় না। এ কারণেই আমাদের মনিটরিংয়ের চরম দুর্বলতা তৈরি হয়েছে। 

প্রতি ইউনিয়নে তিনজন মহিলা সদস্য আছে। তাঁরা এ তদারকটি সহজেই করতে পারেন। কেবল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটা নির্বাহী আদেশেই এটা হয়। ইচ্ছা থাকলে কম খরচে মানুষকে সচেতন করার অনেক উপায় আছে। প্রথম আলোও এ দায়িত্ব কিছুটা পালন করতে পারে। তাদের বন্ধুসভা নামে বিশাল একটা সংগঠন আছে। সারা দেশে এর সদস্য আছে। তাঁদের মাধ্যমেও স্কুল স্যানিটেশনের বিষয়ে সচেতনতার কাজ করা যায়। সব দিক থেকে সবাই একসঙ্গে কাজ করলে এ ক্ষেত্রে পরিবর্তন আনা সম্ভব।

আব্দুল কাইয়ুম: একটি অত্যন্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আজকে আলোচনা হলো। আলোচকদের প্রায় সবাই তদারকির বিষয়ে গুরুত্ব দিয়েছেন। ভিত্তিমূল জরিপে দেখা গেছে, প্রায় অধিকাংশ স্কুলেই টয়লেট আছে। কিন্তু মূল সমস্যা হলো রক্ষণাবেক্ষণের। শিক্ষক প্রশিক্ষণের কারিকুলামে স্যানিটেশন-ব্যবস্থার বিষয়টি বিশেষ গুরুত্বসহকারে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তদার​িকসহ বিভিন্ন কাজের জন্য সরকারের বরাদ্দ দরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিষয়ে ব্যবস্থা নেবে বলে আশা করি। প্রথম আলোর পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

যাঁরা অংশ নিলেন 

মো. নজরুল ইসলাম খান     :   সচিব, শিক্ষা মন্ত্রণালয়

চৌধুরী মুফাদ আহমেদ        :  যুগ্ম সচিব, ​িস্কলস ডেভেলপমেন্ট প্রকল্প ও সাবেক যুগ্ম পরিচালক, পিইডিপি  

রাশেদা কে চৌধূরী           :   নির্বাহী পরিচালক, গণসাক্ষরতা অভিযান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা

জুয়েনা আজিজ               :   মহাপরিচালক, প্ল্যানিং উইং ও অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

মো. সিরাজুল হক            :   পরিচালক,  পরিকল্পনা ও উন্নয়ন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর

মো. খায়রুল ইসলাম         :   দেশীয় প্রতিনিধি, ওয়াটারএইড বাংলাদেশ

দেওয়ান মো. হানজালা       :   প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

মিলন কান্তি বড়ুয়া            :   প্রোগ্রাম হেড, ব্র্যাক ওয়াশ প্রোগ্রাম, ব্র্যাক

 হাসিন জাহান                :   ডিরেক্টর, প্রোগ্রামস অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি, ওয়াটারএইড বাংলাদেশ

মোহাম্মাদ মহসিন             :   আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট স্পেশালিস্ট, ইউনিসেফ

মো. জাকী হাসান             :   নির্বাহী পরিচালক, ইউসেপ বাংলাদেশ

 জহিরুল ইসলাম             :   প্রোগ্রাম অফিসার, সুইডিশ দূতাবাস

 তালাত মাহমুদ               :   প্রোগ্রাম ডিরেক্টর (শিখন), সেভ দ্য চিলড্রেন

 মঞ্জুর আহমেদ               :   সিনিয়র অ্যাডভাইজার, ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্ট (আইইডি)

 শরিফুজ্জামান                :   বিশেষ প্রতিনিধি, প্রথম আলো

সঞ্চালক

আব্দুল কাইয়ুম             :  সহযোগী সম্পাদক, প্রথম আলো