খুলনায় প্রথম প্রতিষ্ঠিত শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘স্কুল হেলথ ক্লিনিকে’ রোগীর ভিড় নেই। তেমন প্রচারণাও নেই। আর সে কারণে শিক্ষার্থীরা এ সেবা সম্পর্কে জানে না। রোগী না আসায় অলস সময় কাটান ক্লিনিকের চিকিৎসক ও কর্মচারীরা।
নগরের বড় মির্জাপুরের সামসুর রহমান সড়কের ওই ক্লিনিকে সম্প্রতি গিয়ে দেখা যায় একদম ফাঁকা। কোনো রোগী নেই। বেলা ১১টার দিকে মিলল এক রোগী। দিনের প্রথম রোগীর নাম মেহেনাজ খানম। সে বলে, রোগীর ভিড় নেই।এলেই চিকিৎসক দেখায়ে চলে যাওয়া যায়। এই জন্য খুব ভালো লাগে।
অভিভাবক নাসরিন খামন বলেন, ‘অন্য হাসপাতালে গেলে টিকিট কেটে অনেকক্ষণ অপেক্ষা করা লাগে। কিন্তু এখানে এলেই ডাক্তার দেখানো যায়। ফ্রি ঔষধ পাওয়া যায়।এই জন্য মেয়েকে নিয়ে আসি।’
খুলনা জিলা স্কুলের ছাত্র তানভীর হোসেন বলে, ‘আমাদের চিকিৎসার জন্য এমন একটি ক্লিনিক রয়েছে, তা তো জানি না। এই ক্লিনিকের ব্যাপারে আমাদের তো কখনো কেউ বলেননি।’
স্কুল হেলথ ক্লিনিকটি নগরের ছাত্রছাত্রীদের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ১৯৫৭ সালে দোতলা ভবনের নিচতলায় চালু করা হয়। এ সময় দুজন চিকিৎসা কর্মকর্তা, একজন ফার্মাসিস্ট ও একজন এলএমএসএস নিয়োগ দেওয়া হয়। সম্প্রতি একজন চিকিৎসা কর্মকর্তা দিবাজাত রনি খুলনা সদর হাসপাতালে প্রেষণে গেছেন। ক্লিনিকের একমাত্র চিকিৎসক রতন কুমার সাহা কিডনিজনিত রোগে আক্রান্ত হওয়ায় সপ্তাহে দুই দিন (সোম ও বুধবার) ডায়ালাইসিস করার জন্য ক্লিনিকে আসেন না। দুই দিন চিকিৎসাসেবা দেন ফার্মাসিস্ট অ্যানি বিশ্বাস।
রতন কুমার সাহা জানান, খুলনা বিভাগের একটি মাত্র স্কুল হেলথ ক্লিনিক রয়েছে। এখানে চার থেকে ১৪ বছরের শিক্ষার্থীদের জ্বর, কাশি, মাথাব্যথা, চুলকানি—এ ধরনের রোগের ওষুধ দেওয়া হয়। পরিচিতি ও শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিতে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বরাবর চিঠি দিয়েছেন বলেও জানান তিনি।
স্বাস্থ্য বিভাগের খুলনার বিভাগীয় পরিচালক মামুন পারভেজ বলেন, ‘ক্লিনিকটির বাউন্ডারি ওয়াল দিয়ে ও পরিষ্কার-পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের সেবা দেওয়ায় উপযোগী করে তোলা হয়েছে। ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে। যাতে শিক্ষার্থীরা সেবা নিতে আসে।’