স্কুলগুলোই ছিল আন্দোলনের মূল কেন্দ্র
ভাষার মাসে আমরা শুনব জেলায় জেলায় ভাষা আন্দোলনের উত্তাল দিনের ঘটনা। আজ চুয়াডাঙ্গা

রাজধানী ঢাকার কথা বা বিভাগীয় শহরগুলোর কথা বাদ দিলে পূর্ববঙ্গের শহর-গঞ্জে ভাষা আন্দোলনের চাবিকাঠি ছিল স্কুলছাত্রদের হাতে। তারাই ধর্মঘট ও মিছিলের মাধ্যমে আন্দোলনের সূচনা ঘটায়। পরে অন্যরা তাতে যোগ দেন। বিভাগোত্তর পূর্ববঙ্গের প্রাথমিক পর্বে কলেজের সংখ্যা ছিল হাতে গোনা। তাই কলেজবিহীন শহর ও অন্যান্য অঞ্চলে স্কুলগুলোই আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
বিভাগোত্তর কুষ্টিয়া জেলার মহকুমা শহর চুয়াডাঙ্গা তেমন একটি কলেজবিহীন শহর, কিন্তু ভাষা আন্দোলনে তার রয়েছে অগ্রগণ্য ভূমিকা। ১৯৪৮ সালের মার্চের আন্দোলন সফল করে তুলতে স্কুলের ছাত্রছাত্রীরাই এগিয়ে আসে। যথারীতি সভা, সমাবেশ, মিছিল ও স্লোগান নিয়ে। সে আন্দোলন বিস্তার লাভ করে মহকুমার প্রতিটি মাধ্যমিক স্কুলকে কেন্দ্র করে।
অবশ্য আন্দোলনের ব্যাপকতা ও তীব্রতা লক্ষ করা যায় ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে। এর বিস্তার গ্রামের স্কুলগুলোতেও। এ আন্দোলন চুয়াডাঙ্গার রাজনৈতিক সচেতনতারও প্রমাণ দেয়। প্রকৃতপক্ষে ১৯৫২-র ভাষা আন্দোলনের সূচনা চুয়াডাঙ্গা সদরে জানুয়ারির শুরুতেই। স্কুলছাত্র মোহাম্মদ শাহজাহান এবং শিক্ষক রেফাতুল্লাহর নেতৃত্বে এ সময় প্রতিবাদী মিছিল শহর প্রদক্ষিণ করে।
মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন আজিজুল হক, উষা চট্টোপাধ্যায়, আবুল হাশেম ও মোহাম্মদ শাহজাহান। এ তৎপরতা শহরের সাধারণ মানুষকে ভাষার দাবিতে সচেতন করে তোলে। ফেব্রুয়ারির ৪ তারিখে টাউন হলে যে সভা অনুষ্ঠিত হয়, তাতে কয়েক শ মানুষের উপস্থিতি লক্ষ করার মতো। সেখানে শপথ-ভাষার অধিকার প্রতিষ্ঠার ঘোষণা: প্রয়োজনে আত্মদানের জন্য প্রস্তুত থাকতে হবে। আন্দোলনে স্থানীয় গার্লস স্কুলের ছাত্রীরা ব্যাপকভাবে অংশগ্রহণ করে। ছাত্রীদের একটি মিছিল শহর প্রদক্ষিণ করে। আশ্চর্য যে পুলিশ শুরুতে ছাত্রছাত্রীদের কোনো মিছিলেই হামলা চালায়নি বা বাধা দেয়নি।
২১ ফেব্রুয়ারি ঢাকায় পুলিশের গুলিবর্ষণে হতাহতের খবরে উত্তেজিত চুয়াডাঙ্গাবাসী স্থানীয় স্কুল মাঠের সভায় সমবেত হন। শেখ নাছির আহমদের বয়ানমতে, এ প্রতিবাদ সভার প্রধান উদ্যোক্তা শেখ রহিম বক্স। সভাপতি আসহাবুল হক। বক্তব্য দেন ওহিদ হোসেন জোয়ারদার, মজিবর রহমান, শেখ রহিম বক্স, রেফাতুল্লাহ, ওয়ালিউল ইসলাম ও ফয়জুল হক।
পরদিন ২৩ ফেব্রুয়ারি বয়েজ স্কুল ও গার্লস স্কুলের ছাত্রছাত্রীদের এক বিশাল প্রতিবাদ মিছিল শহর প্রদক্ষিণ করে। শেখ রহিম বক্স, মোহাম্মদ শাহজাহান, আবুল হাশেম, আজিজুল হক এবং ছাত্রীদের মধ্যে বেলা, পান্না, পাখি মিছিল পরিচালনায় অংশ গ্রহণ করে। মিছিল শেষে সভায় ছাত্রছাত্রীদের মুখপাত্রসহ শহরের বিভিন্ন শ্রেণির ও পেশার বিশিষ্টজন বক্তব্য দেন। এককথায় ছাত্র আন্দোলনে গণ-আন্দোলনের চরিত্র প্রকাশ পায়।
স্বভাবতই প্রশাসনের টনক নড়ে। এদিনই কুষ্টিয়া জেলা প্রশাসকের উদ্যোগে বৃহত্তর জেলার সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত সভায় চেষ্টা চলে ভাষা অন্দোলন বন্ধ করার, পুলিশের পক্ষে আন্দোলনকে পাকিস্তানবিরোধী হিসেবে চিহ্নিত করা হয়। এতে হিতে বিপরীত হয়। সর্বস্তরের মানুষের মধ্যে ভাষা আন্দোলনের পক্ষে সমর্থন বাড়ে, আর ছাত্রছাত্রীদের মধ্যে বাড়ে সংগ্রামের স্পৃহা। ছাত্রছাত্রী, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মীদের একাত্মতায় চুয়াডাঙ্গায় ভাষা আন্দোলন বিশেষ মাত্রা অর্জন করে।
সরকারি অপপ্রচারের প্রতিবাদে চুয়াডাঙ্গা শহরে ২৪ ফেব্রুয়ারি যে বহুমুখী চরিত্রের বিক্ষোভ মিছিল, এম এম আলাউদ্দিনের ভাষ্যমতে তা ১৪৪ ধারা ভঙ্গের দৃপ্ত অঙ্গীকার নিয়ে বের হলে পুলিশ গুলি চালায়। পুলিশের গুলিতে আহত হন অ্যাডভোকেট আজগর আলী। প্রতিক্রিয়ায় ২৫ ফেব্রুয়ারি সারা চুয়াডাঙ্গা মহকুমায় ছাত্রধর্মঘট পালনের আহ্বান জানানো হয়।
ধর্মঘটের পাশাপাশি ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত মিছিলের পদচারণে শহরের সর্বত্র প্রতিবাদী স্পন্দন দেখা দেয়। রাষ্ট্রভাষা বাংলার ডাক ঘরে ঘরে পৌঁছে যায়। মিছিল শেষে যথারীতি প্রতিবাদ সভার আয়োজন। তাতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আবুল হাশেম। বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান, উষা চট্টোপাধ্যায়, সুধীর সরকার, ইলা হক, শশধর চট্টোপাধ্যায় প্রমুখ। ফেব্রুয়ারি মাসজুড়ে একুশে উপলক্ষে চুয়াডাঙ্গায় বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।
ভাষা আন্দোলনের ইতিহাস বলে, ঢাকায় আন্দোলন স্তব্ধ হওয়ার পরও প্রদেশের বহু শহরে বিক্ষোভ ও প্রতিবাদী আন্দোলন সচল থাকে। চুয়াডাঙ্গা সেসব শহরের মধ্যে একটি। এখানে মার্চ মাসেও আন্দোলন অব্যাহত থাকে। শহরের দেয়ালগুলো প্রতিবাদী পোস্টারের লাল-কালো বর্ণমালায় জ্বলজ্বল করতে থাকে। ছাত্রছাত্রীদের আহ্বানে ২২ মার্চ মিছিল, ২৩ মার্চ হরতাল এবং বিকেলে প্রতিবাদ সভা। এ সভাতেও প্রধান বক্তা আসহাবুল হক, মজিবর রহমান, ফয়জুর রহমান প্রমুখ।
আশ্চর্য যে এমন ব্যাপক আন্দোলন সত্ত্বেও চুয়াডাঙ্গায় শহীদ মিনার স্থাপিত হয় অনেক পরে, ১৯৬৮ সালে পূর্বোক্ত ভি জে উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে (সূত্র: এম এম আলাউদ্দিন)। এরপর চুয়াডাঙ্গা সরকারি কলেজে শহীদ মিনার স্থাপিত হয়, যা ১৯৭১ সালে পাকিস্তানি সেনাদের আক্রমণে ধ্বংস হয়। চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় শহীদ মিনার স্থাপিত হয় ১৯৭২ সালে অস্থায়ী চেহারা নিয়ে। এ শহীদ মিনার ইট-বালু-সিমেন্টে স্থায়ী রূপ ধারণ করে ১৯৭৫ সালে।