স্কুলগুলোতে ছিল অঘোষিত ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা গতকাল রোববার তাঁদের স্কুলে অনুপস্থিত ছিলেন। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীনের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য শিক্ষকদের বাধ্য করা হয়। সে কারণে গতকাল ছিল এ দুই উপজেলায় অঘোষিত ছুটি।জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, মন্ত্রীর অনুষ্ঠানের জন্য এক দিনের সংরক্ষিত ছুটি দেওয়া হয়েছে। তবে সংশ্লিষ্ট বিভাগের একটি সূত্র জানায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসের এ ধরনের ছুটি দেওয়ার কোনো এখতিয়ার বা আইনগত সুযোগ নেই।গতকাল রোববার হবিগঞ্জ জেলা কালেক্টরেট ভবনের সামনে জেলা প্রশাসনের পক্ষে হবিগঞ্জ সদর ও লাখাই উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি ও জনপ্রতিনিধি এবং সুধীজনদের শিক্ষার মান উন্নয়ন ও শত ভাগ পাসের হার নিশ্চিতকল্পে উদ্বুদ্ধকরণ বিষয়ে এক সমাবেশের আয়োজন করা হয়। এ সমাবেশে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান। এতে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ সদর আসনের সাংসদ মো. আবু জাহির, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক মুশফিক হোসেন চৌধুরী। স্কুল বন্ধ রেখে কেন মন্ত্রীর অনুষ্ঠানে—এ বিষয়ে একটি স্কুলের প্রধান শিক্ষিকাকে প্রশ্ন করা হলে নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, উপজেলা শিক্ষা অফিস থেকে আগেই বলে রাখা হয়েছে শিক্ষকদের উপস্থিতি শত ভাগ নিশ্চিত করতে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামছুল আলম বলেন, ‘এ অনুষ্ঠানের জন্য আমরা দুটি উপজেলায় এক দিনের সংরক্ষিত ছুটি দিয়েছি।’