
পাবনা জেলা শহর ও আশপাশের এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ফটকে খোলা অবস্থায় অস্বাস্থ্যকর খাবার ও পানি বিক্রির ধুম পড়েছে। গরমে প্রতিদিনই শিশু শিক্ষার্থীরা এসব খাবার খাচ্ছে। ফলে প্রচণ্ড স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা।
সরেজমিনে গত রোববার সকালে দেখা যায়, শহরের আবদুল হামিদ সড়কে জেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা জিলা স্কুলটি অবস্থিত। বিদ্যালয়ের মূল ফটকের বাইরে রিকশাভ্যানে ড্রামভর্তি পানীয় ‘শরবত’ বলে বিক্রি করছেন আবদুল আজিজ নামের এক ব্যক্তি। রাসায়নিক দ্রব্য ও বরফ মিশ্রিত কমলা রঙের এ পানীয় প্লাস্টিকের মগ দিয়ে ড্রাম থেকে তুলে ওই ব্যক্তি নামী-দামি বিভিন্ন কোমল পানীয় কোম্পানির বোতলে ভরছেন। এরপর মাত্র দুই টাকায় প্রতি বোতল বিক্রি করছেন। বিদ্যালয় থেকে বেরিয়ে তৃষ্ণার্ত শিশুরা রঙিন এ পানীয় দেখে হুমড়ি খেয়ে পড়ছে। পাশেই আরেকটি ভ্যানে খোলা অবস্থায় বিক্রি হচ্ছে পুড়ে কালো হয়ে যাওয়া তেলে ভাজা শিঙাড়া, পেঁয়াজু ও আলুর চপ। সেখানেও শিশুদের ভিড়।
এ দৃশ্য শুধু জিলা স্কুল ফটকেরই নয়। কিছুদূর এগিয়ে গোপাল চন্দ্র ইনস্টিটিউট। সেখানেও এই রঙিন পানীয় বিক্রির দোকান দেখা গেল। একে একে আরও কয়েকটি সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে মিলল একই দৃশ্য। কোথাও অস্বাস্থ্যকর পানীয়, কোথাও ভাজা-পোড়া খাবার বিক্রির ধুম।
বিক্রেতা আবদুল আজিজ জানান, তিনি দীর্ঘদিন ধরেই বিদ্যালয় ফটকে এ পানীয় বিক্রি করছেন। নলকূপের পানিতে বরফ, ঘনচিনি, লেবু ও খাওয়ার স্যালাইন মিশিয়ে তৈরি করেন তাঁর ‘শরবত’। মাত্র দুই টাকায় এক বোতল পানীয় পেয়ে শিশুরাও কেনে। প্রতিদিন তিনি প্রায় দুই ড্রাম পানীয় বিক্রি করেন।
জেলা স্কুলের ফটকে সন্তানের অপেক্ষায় থাকা কয়েকজন অভিভাবক বলেন, লেবু, ঘনচিনি ও স্যালাইন দিয়ে এই পানীয় তৈরির কথা বলা হলেও এতে স্যাকারিন, রং ও লেবুর সুগন্ধযুক্ত রাসায়নিক মেশানো হয়। এ ছাড়া নলকূপের পানির কথা বলা হলেও কোথা থেকে পানি আনা হচ্ছে কে জানে? এ ছাড়া পানিতে মিশ্রিত বরফের পানিও কতটা নিরাপদ, তা নিয়েও সন্দেহ আছে।
কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, শহরের দু-একটি বাদে অধিকাংশ বিদ্যালয়েই ক্যানটিন নেই। ফলে ক্ষুধা বা তৃষ্ণা পেলে বাধ্য হয়ে তাদের বাইরের এসব খাবার খেতে হয়।
পাবনা জেনারেল হাসপাতালের শিশু বিভাগের জ্যেষ্ঠ কনসালট্যান্ট দিলরুবা সিদ্দিক বলেন, প্রতিদিনই হাসপাতালে শিশু রোগীর সংখ্যা বাড়ছে। অস্বাস্থ্যকর এসব খাবার খেয়ে পেটের পিড়াসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। এসব খাবারে ক্ষতিকর কিন্তু মুখরোচক রাসায়নিক মেশানো হওয়ায় বাড়ির খাবারের প্রতি অনীহা ও অরুচি বাড়ছে শিশুদের। এ ছাড়া খোলা অবস্থায় বিক্রি করায় নিম্নমানের এসব পানীয় ও খাবার থেকে শিশুদের হেপাটাইটিস, টাইফয়েড এবং লিভার ও কিডনির বিভিন্ন জটিল সমস্যা হওয়ারও আশঙ্কা রয়েছে।
পাবনা জিলা স্কুলের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা বহুবার বিদ্যালয় ফটক থেকে এসব খাবার ও পানীয় বিক্রির দোকান সরিয়ে দিতে চেষ্টা করেছি। ফটক থেকে সরালেও এসব বিক্রেতা আশপাশেই কোথাও গিয়ে দোকান বসান।’ বিদ্যালয়ে ক্যানটিনের বিষয়ে তিনি বলেন, স্কুলপর্যায়ে ক্যানটিন-সুবিধা দেওয়া একটু কঠিন। তবে শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।
কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ পাবনা জেলা শাখার সভাপতি এ বি এম ফজলুর রহমান বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শহর ও গ্রামের যেখানেই খোলা খাবার বিক্রি করা হোক, তা অস্বাস্থ্যকর ও অবৈধ। তবে এ ধরনের অস্বাস্থ্যকর খাবার বিক্রি রোধের দায়িত্ব ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। কিন্তু তাদের নজরদারির ঘাটতিতে পাবনায় অস্বাস্থ্যকর খাবার ও পানীয় বিক্রি বেড়েছে।
এ প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ফুটপাতের ব্যবসা করার আইনগত কিছু বাধ্যবাধকতা রয়েছে। জীবিকার স্বার্থে ফেরিওয়ালা বা ক্ষুদ্র ব্যবসায়ীরা ফুটপাতে খাবার বিক্রি করতে পারেন। তবে তাঁদের খাবার অস্বাস্থ্যকর হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।