স্কুলগেটে অস্বাস্থ্যকর 'শরবত' স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রীষ্মের দাবদাহ আর ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। প্রচণ্ড এই গরমে শরীর জুড়াতে ঠান্ডা পানীয়র প্রতি ঝুঁকছে মানুষ। এই সুযোগে নওগাঁ শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে বিভিন্ন রাসায়নিক মেশানো রঙিন পানীয় ও বরফ মেশানো লেবু শরবত বিক্রির ধুম পড়েছে। বিদ্যালয় থেকে বেরিয়ে শিশুরা শরবতের নামে পান করছে অস্বাস্থ্যকর এসব পানীয়।
প্রতিদিনই শহরের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান নওগাঁ কেডি সরকারি স্কুল, সরকারি জিলা স্কুল, সরকারি গার্লস স্কুল, বিয়াম স্কুল অ্যান্ড কলেজ, পিএম গার্লস স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রাস্তার ধারে দেদার অস্বাস্থ্যকর শরবত বিক্রি করছেন মৌসুমি ক্ষুদ্র ব্যবসায়ীরা। বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিশ্চিন্তে পান করছে এসব শরবত। এতে শিশুদের পেটের পীড়া, সর্দি-জ্বরসহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে।
সরেজমিন সম্প্রতি শহরের কেডি স্কুলের সামনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটকের সামনে দুটি ভ্যানে করে শরবত বিক্রি করছেন ইমরান ও সাইফুল ইসলাম নামের দুই ব্যক্তি। ড্রামভর্তি রঙিন পানিতে (সিভিটা, ইসপি, প্যালিটা সফট ড্রিংক পাউডার মেশানো পানি) লেবু, বিট লবণ ও বরফ মিশিয়ে প্রতি গ্লাস রঙিন শরবত সাত টাকা এবং শুধু লেবু-বরফ মেশানো শরবত পাঁচ টাকা করে বিক্রি করছেন তাঁরা। পিপাসার্ত শিশু শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে বেরিয়েই পান করে এসব শরবত। ছোট একটি বালতিতে রাখা পানিতে বারবার গ্লাস ধোয়ায় নোংরা হয়ে যাওয়া পানিতে আবারও গ্লাস ধুয়ে বাচ্চাদের শরবত সরবরাহ করা হচ্ছে।
বিক্রেতা ইমরান বলেন, ১৫-২০ দিন ধরে এ রঙিন শরবত ভালোই বিক্রি হচ্ছে। প্রতিদিন তিন থেকে চার ড্রাম শরবত বিক্রি করেন তিনি। পানি ও বরফের উৎস সম্পর্কে বলেন, ‘পানি নলকূপ থেকে আনি। আর বরফ একটি কারখানা থেকে।’ এর কিছুক্ষণ পরই এক কিশোর বালতিতে করে ইমরানের জন্য পানি নিয়ে এল। সুযোগ বুঝে তাকে একটু দূরে ডেকে নিয়ে জিজ্ঞেস করলে জানায়, পৌরসভা ভবনের বাইরের একটা কল থেকে পানি এনেছে। দুই ড্রামসহ শরবতের সব পানিই পৌরসভার সাপ্লাইয়ের পানি বলে জানায় ওই কিশোর।
কেডি স্কুলের সামনেই কথা হয় আরেক শরবত বিক্রেতা সাইফুল ইসলামের সঙ্গে। তিনি জানান, সকাল সাতটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিভিন্ন বিদ্যালয়ের সামনে শরবত বিক্রি করেন তিনি। গরমে তাঁর মতো অনেকেই এই মৌসুমে ঠান্ডা পানীয় বিক্রির ব্যবসায় নেমেছেন।
কেডি স্কুলের প্রধান শিক্ষক আবদুল কাশেম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলগেটের সামনে এসব অস্বাস্থ্যকর পানীয় বিক্রি বন্ধে খুবই কঠোর। একবার ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জরিমানাও করেছেন। কিন্তু এঁদের বারবার তুলে দেওয়া সত্ত্বেও কর্তৃপক্ষের চোখকে ফাঁকি দিয়ে বিদ্যালয়ের সামনে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ও শিশু বিশেষজ্ঞ কাজী মিজানুর রহমান বলেন, রাস্তার ধারে ভ্যানে খোলা অবস্থায় যেসব পানীয় বিক্রি হচ্ছে, তা মানবদেহের জন্য ক্ষতিকর। বিশেষ করে, বাচ্চাদের পেটের পীড়া, সর্দি-জ্বর, ডায়রিয়া এমনকি কিডনির সমস্যা হতে পারে।
সিভিল সার্জন এ কে এম মোজাহের হোসেন বলেন, মাছের পচন রোধে বরফ ফ্যাক্টরিতে তৈরি করা বরফ দিয়েই এসব শরবত বানানো হয়। এসব বরফ অপরিষ্কার পানি থেকে তৈরি হয়। আবার স্বাদ বাড়াতে বিভিন্ন কোম্পানির যে সফট ড্রিংক পাউডার পানিতে মিশিয়ে শরবত বানানো হয়, সেগুলোও সব মানসম্মত থাকে না। তিনি পিপাসা দূর করতে ঘন ঘন স্বাভাবিক তাপমাত্রার পানি বা ডাবের পানি খাওয়ার পরামর্শ দেন। এই সময় দিনে দুবার গোসল করলেও শরীর ভালো থাকবে বলে তিনি জানান।
ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নওগাঁ কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জাব্বার মণ্ডল বলেন, শিগগিরই অভিযান পরিচালনা করে এভাবে অস্বাস্থ্যকর পানীয় বিক্রির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।