স্কুলঘর ছিনতাই!
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামের ৬ নম্বর রাজগঞ্জ চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অস্থায়ী টিনের ঘর ভেঙে মালামাল নিয়ে গেছেন পাশের সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ চান্দখালী গ্রামের লোকজন।গত সোমবার সকাল আটটার মধ্যে ওই গ্রামের লোকজন ঘরটি ভেঙে নিয়ে যান। পরে শিক্ষক-শিক্ষার্থীরা এসে বিদ্যালয়টিতে শূন্য ভিটা পড়ে থাকতে দেখে। এ ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই দিন সকাল আটটার দিকে লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে দক্ষিণ চান্দখালী গ্রামের শতাধিক লোক দুটি ট্রলারে করে এসে এক ঘণ্টার মধ্যে স্কুলঘর ও অন্যান্য মালামাল নিয়ে যান। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুর রশীদ অভিযোগ করেন, তাঁদের এলাকার এ স্কুলটি দক্ষিণ চান্দখালী গ্রামে স্থানান্তর করার জন্য বিভিন্ন সময়ে ওই গ্রামের বাসিন্দারা তৎপরতা চালিয়ে আসছিলেন।আবদুর রশীদ জানান, রাজগঞ্জ চান্দখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদী ভাঙনের কবলে পড়ায় ২০১০ সালের ২৪ জানুয়ারি পাশের একটি জমিতে স্থানান্তর করা হয়। এরপর ২০১১ সালের শেষের দিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) স্কুলের ওই জমিতে একই সঙ্গে স্কুল ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়। ২০১২ সালের ২ মে দরপত্রের মাধ্যমে ঠিকাদার নিয়োগ করা হয়। তখন থেকে অস্থায়ী একটি টিনের ঘরে বিদ্যালয়ের কার্যক্রম চলে আসছে। তিনি অভিযোগ করেন, ‘স্কুলঘরসহ অন্যান্য মালামাল দক্ষিণ চান্দখালী গ্রামের বাসিন্দারা নিয়ে গেছে।’উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগোপতি রায় বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনুমোদন ছাড়া স্কুল ভবন এভাবে কেউ ভেঙে নিয়ে যেতে পারে না। দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির আহমেদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।