স্কুলঘরে দোকান, মাঠে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী বাজার এবং এর পাশের কয়েকটি বিদ্যালয়ের শ্রেণীকক্ষ ও মাঠ দখল করে দুর্গাপূজা উপলক্ষে মেলা বসানো হয়েছে। শুধু তাই নয়, এই মেলা উপলক্ষে যাত্রা ও সার্কাসের নামে অশ্লীল নাচ দেখানো হচ্ছে এবং জুয়া খেলার আয়োজন করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এখনো মেলা চালু রাখায় এসব বিদ্যালয়ে ক্লাস বন্ধ রয়েছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, কাজীপুর উপজেলার সোনামুখী উচ্চবিদ্যালয়ের চত্বর ও সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা দখল করে মেলার দোকান বসানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের সামনেই প্রকাশ্যে জুয়া খেলার আয়োজন করা হয়েছে। এ দুটি বিদ্যালয় থেকে ২০০ গজ দূরে একটি মাঠ এবং এখান থেকে এক কিলোমিটার দূরে কৃষ্ণগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যাত্রা ও সাকার্সের আয়োজন করা হয়েছে। এই বিদ্যালয়ের দুটি এবং সোনামুখী উচ্চবিদ্যালয়ের দুটি করে মোট চারটি শ্রেণীকক্ষে যাত্রার শিল্পীদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এতে ১৭ অক্টোবর পূজার ছুটি শেষ হওয়ার পরও এই তিনটি বিদ্যালয়ে ক্লাস শুরু হয়নি।গত বৃহস্পতিবার বগুড়া থেকে সোনামুখী বাজারে যাত্রা দেখতে এসেছিলেন আবদুস সাত্তার। তিনি বলেন, যাত্রার নামে অশ্লীল নাচ দেখানো হচ্ছে।সোনামুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল বাকী বলেন, পুরোনো দুটি কক্ষ শিল্পীদের থাকার জন্য দেওয়া হয়েছিল। যেহেতু ছুটির পর আজ রোববার থেকে ক্লাস শুরু হবে, সে কারণে তাঁদের অন্যত্র যাওয়ার জন্য বলা হয়েছে।কৃষ্ণগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আরতি রাণী গুহ জানান, প্রথমে নিষেধ করা হলেও ছুটি থাকা অবস্থায় এক সপ্তাহের জন্য দুটি কক্ষ দেওয়া হয়েছে। এখন ক্লাস শুরু হওয়ায় কক্ষ দুটি খালি করার জন্য কমিটিকে বলা হয়েছে বলে জানান তিনি।সোনামুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত হোসেন বলেন, ‘বিদ্যালয়ের চত্বরে মেলার দোকান থাকায় কিছুটা অসুবিধা হলেও এগুলো আমরা সমাধান করে ক্লাস নিচ্ছি।’মেলার আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, সরকারিভাবে ১৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত এই মেলার অনুমতি নেওয়া হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এখন পর্যন্ত মেলা শেষ না হওয়ায় ছুটি শেষ হলেও ক্লাস শুরু হয়নি। মেলার আয়োজক কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী জানান, মেলায় এমন কিছু হচ্ছে না, যাতে সমাজ বা পরিবারের ওপর খারাপ প্রভাব পড়তে পারে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কাছ থেকে আলোচনাসাপেক্ষে জায়গা ও কক্ষ নেওয়া হয়েছে। কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজকুমার রায় বলেন, অশ্লীল নাচ চলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।