স্কুলছাত্র অনন্তকে হত্যার দায় স্বীকার
অপহরণের ঘটনা প্রকাশ করে দেওয়ার হুমকি দেওয়ায় আতঙ্কে স্কুলছাত্র অনন্ত কুমার চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া আশরাফ আলী তাকে হত্যার কথা স্বীকার করে গত শনিবার নাটোরের একটি আদালতে জবানবন্দি দিয়েছেন। শনিবার সন্ধ্যায় আশরাফ আলী নাটোরের বিচারিক হাকিম রওশন আলমের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় অনন্তকে তিনি তাঁর পানের বরজের ভেতরে নিয়ে যান। সেখানে এসে তিনি অনন্তের বাবার কাছে ফোন করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। অনন্তের বাবা অশোক কুমার চক্রবর্তী টাকা দিতে রাজি হন। কিন্তু অনন্ত এ সময় তাঁকে জানায়, সে ছাড়া পাওয়ার পর অপহরণের ঘটনা সবাইকে বলে দেবে। এ কথায় তিনি আতঙ্কিত হয়ে গলা টিপে অনন্তকে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর অনন্তের লাশ তিনি একটি বস্তায় ভরে বরজের পাশে মাটি চাপা দিয়ে রাখেন।বৃহস্পতিবার নাটোর সদর উপজেলার হালসা গ্রামের বাসিন্দা অশোক কুমার চক্রবর্তীর ছেলে ষষ্ঠ শ্রেণীর ছাত্র অনন্ত কুমারকে অপহরণের পর হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শুক্রবার রাতে সদর উপজেলার হালসা গ্রামের নেকবার মুন্সির ছেলে আশরাফ আলীসহ পাঁচজনকে গ্রেপ্তার করে। শুক্রবার অনন্তের বাবা অশোক কুমার নাটোর সদর থানায় হত্যা মামলা করেন। এ বিষয়ে ২ জুন প্রথম আলোতে ‘অপহরণের পর স্কুলছাত্রকে হত্যা, পাঁচজন গ্রেপ্তার’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।