স্কুলছাত্র অপহরণ করে মুক্তিপণ দাবি, হত্যাচেষ্টা
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বাঘার গ্রামের স্কুলছাত্র মো. সাকিব পাঠানকে (১৩) গত শনিবার বিকেলে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।এরপর সন্ত্রাসীরা মোবাইল ফোনে তার মা রেহানা বেগমের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা শিশুকে গলা কেটে হত্যার চেষ্টা চালায়।গ্রামবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, সৌদিপ্রবাসী বাঘার গ্রামের মো. ফারুক পাঠানের স্ত্রী রেহানা বেগমের কাছে স্থানীয় মাসুম হাওলাদার (২৫) ও তাঁর সহযোগীরা দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দুষ্কৃতকারীরা চাঁদা না পেয়ে তাঁর ছেলে মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র মো. সাকিব পাঠানকে শনিবার বিকেলে অপহরণ করে নিয়ে যায়। এরপর সন্ত্রাসীরা মোবাইল ফোনে রেহানা বেগমের কাছে ওই দিন সন্ধ্যার মধ্যে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা অপহূত সাকিবকে ২০ কিলোমিটার দূরে চন্দ্রহার এলাকায় নিয়ে নির্যাতন করে। তার আর্তচিৎকারে পথচারীরা এগিয়ে আসে এবং মাসুম হাওলাদার ও তাঁর ব্যবহূত মোটরসাইকেলটি আটক করে। পরে পুলিশ এসে আহত সাকিবকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রেহেনা বেগম মাসুম হাওলাদারের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চারজনের বিরুদ্ধে গৌরনদী থানায় মামলা করেছেন।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, উপজেলার বাঘার গ্রামের প্রতিবেশী মো. নাদের আলী হাওলাদারের ছেলে একাধিক ডাকাতি মামলার আসামি মো. মাসুম হাওলাদার ও তাঁর সহযোগীরা ৭ জানুয়ারি রেহেনা বেগমের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। রেহানা বেগম বিষয়টি মাসুমের অভিভাবকসহ স্থানীয়দের অবহিত করেন। এতে ক্ষিপ্ত হয়ে মাসুম মোবাইল ফোনে একাধিকবার তাঁকে গালাগালসহ তাঁর ছেলে সাকিবকে অপহরণ করে হত্যা করা হবে বলে হুমকি দেয়।আহত সাকিব জানায়, শনিবার বিকেল চারটায় প্রাইভেট পড়া শেষে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল। পথে ডিএইচবি হাটের কাছে পৌঁছালে মাসুম হাওলাদার ও তাঁর এক সহযোগী তাকে মুখচেপে ধরে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে চোখ বেঁধে নির্জন স্থানে নিয়ে তার মা রেহানা বেগমের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে কথা বলায়। একপর্যায়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে।গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মাসুম হাওলাদার এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলা রয়েছে।