স্কুলছাত্র অপহরণ, মুক্তিপণ দিয়ে পরদিন উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় রিপন ফকির (১৬) নামের এক স্কুলছাত্রকে অপহরণের পরদিন গত শনিবার রাতে উদ্ধার করা হয়েছে। পরিবারটির অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে তাকে অপহরণ করান আপন দুই চাচা।
রিপন উপজেলার দৌলতদিয়ার ছোরাপ মণ্ডলের পাড়ার রমজান ফকিরের ছেলে। সে পড়ে দৌলতদিয়ার আক্কাছ আলী উচ্চবিদ্যালয়ে দশম শ্রেণিতে।
রিপন ফকির গতকাল সোমবার বিকেলে বলে, সে গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে দৌলতদিয়া ঘাট রেলস্টেশন-সংলগ্ন এলাকায় বাবার ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে দুই ব্যক্তি তার মুখে রুমাল চেপে ধরলে সে সংজ্ঞা হারায়। পরদিন দুপুরের চেতনা ফিরলে সে নিজেকে একটি অন্ধকার ছোট্ট খুপরিঘরে হাত-পা বাঁধা অবস্থায় আবিষ্কার করে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার রাত আটটার দিকে রিপনের মুঠোফোন নম্বর থেকে তার বাবা রমজানের নম্বরে ফোন আসে। অপর প্রান্ত থেকে অজ্ঞাতনামা একজন রিপন অপহরণের শিকার হয়েছে জানিয়ে সংযোগ কেটে দেয়। এরপর থেকে নম্বরটি বন্ধ ছিল। তবে শনিবার দুপুরে একই নম্বর থেকে আবার ফোন দিয়ে বলা হয়, রিপনকে বাঁচাতে চাইলে তিন লাখ টাকা দিতে হবে। শেষ পর্যন্ত দুই লাখ টাকায় সমঝোতা হয়। অপহরণকারীদের কথামতো রমজান শনিবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় দুর্গম বনায়নের ভেতরে যান। সেখানে মুখোশধারী তিনজন মুক্তিপণের টাকা নেয় ও রিপনের অবস্থান বলে দেয়। সে মোতাবেক রমজান বনের ভেতরের খুপরিঘর থেকে ছেলেকে উদ্ধার করে আনেন।
রমজান ফকির অভিযোগ করেন, দৌলতদিয়া স্টেশন এলাকার একটি বাড়ি নিয়ে তাঁর সঙ্গে ছোট ভাই কাসেম ফকির ও হাসেম ফকিরের বিরোধ চলছে। এর জেরেই রিপনকে অপহরণ করিয়েছিলেন তাঁরা। অপহরণকারীদের সঙ্গে ওই দুজনের কথোপকথনের মেমোরি কার্ড সংগ্রহ করেছেন তিনি।
অপহরণের ঘটনার পর থেকে হাসেম ফকির ও কাসেম ফকির পলাতক রয়েছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।