স্কুলছাত্র আরাফাত হত্যা মামলার অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত হত্যা মামলার চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল বুধবার শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খানের আদালতে এ অভিযোগ গঠন করা হয়।
এই চার আসামি হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরানপুর গ্রামের মো. আবদুল লতিফ, একই গ্রামের রবিন মিয়া, জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মো. আসলাম বাবু এবং শেরপুরের নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের মো. ইমরান হোসেন। বর্তমানে তাঁরা শেরপুর জেলা কারাগারে আটক রয়েছেন। গত ২১ জানুয়ারি পুলিশ তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ওই অভিযোগপত্রের ভিত্তিতেই তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে অভিযোগ গঠনকালে ট্রাইব্যুনালের বিচারক সায়েদুর রহমান খান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম কিবরিয়ার বক্তব্য শোনেন। এ সময় পিপি আদালতকে বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে আরাফাতকে মুক্তিপণের জন্য অপহরণ ও পরে গারো পাহাড়ে নিয়ে হত্যা করেন। তিনি (পিপি) আদালতের কাছে এ ঘটনায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানান। পরে আদালত ৯, ১০ ও ১১ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষে প্রতিদিন পাঁচজন করে ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
মামলা সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক এলাকা থেকে আসামিরা মুক্তিপণের দাবিতে আরাফাতকে অপহরণ করে নিয়ে যান। কিন্তু মুক্তিপণের টাকা না পেয়ে তাঁরা আরাফাতকে হত্যা করে গারো পাহাড়ে ফেলে রেখে পালিয়ে যান। আরাফাত শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র এবং গৃদানারায়ণপুর এলাকার শহিদুল ইসলামের ছেলে ছিল।