স্কুলছাত্র আরাফাত হত্যা মামলায় অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে আলোচিত স্কুলছাত্র আরাফাত ইসলাম ওরফে রাহাত (৮) হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সদর থানা-পুলিশের দাখিল করা সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে আজ বুধবার দুপুরে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সায়েদুর রহমান খান এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আদালত আজ ওই আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

মামলায় অভিযুক্ত এই চার আসামি হলেন শেরপুর সদর উপজেলার বয়ড়াপরাণপুর গ্রামের মো. আবদুল লতিফ (২১) ও রবিন মিয়া (২০), জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর মধ্যপাড়া গ্রামের মো. আসলাম বাবু (২২) ও নালিতাবাড়ীর নন্নী পশ্চিমপাড়া গ্রামের মো. ইমরান হোসেন (২১)। বর্তমানে তাঁরা শেরপুর জেলা কারাগারে আছেন।

গত ২১ জানুয়ারি পুলিশ এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। নিহত শিশু আরাফাতের বাবা শহিদুল ইসলাম ও মা রিনা বেগমসহ এ মামলায় মোট সাক্ষী ২৭ জন।

গত বছরের ২ আগস্ট বিকেলে শেরপুর জেলা শহরের শহীদ দারোগা আলী পৌর পার্ক এলাকা থেকে আরাফাত ইসলাম ওরফে রাহাতকে অপহরণ করা হয়। পরে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা না পেয়ে অপহরণকারীরা ওই দিনই শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে লাশ গারো পাহাড়ে ফেলে দেন। ৮ আগস্ট গারো পাহাড়ের সীমান্তঘেঁষা বুরঙ্গা পাহাড়ের চূড়া থেকে পুলিশ আরাফাতের গলিত লাশ উদ্ধার করে। সে শহরের বিপ্লব-লোপা মেমোরিয়াল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।