স্কুলছাত্র ইসতিয়াক হত্যা মামলায় দুজনের কারাদণ্ড
বরিশাল জিলা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ইসতিয়াক খান হত্যা মামলায় দুজনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কে এম সলিমুল্লাহ আসামিদের উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে রফিকুল ইসলামকে পৃথক দুটি ধারায় ৩৫ বছরের কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর আসামি সরল চন্দ্র মিস্ত্রিকে তিন বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১১ নভেম্বর সন্ধ্যায় নগরের কাউনিয়া শিল্প এলাকার বাসা থেকে বের হওয়ার পর ইসতিয়াক খান নিখোঁজ হয়। দুই দিন পর ১৩ নভেম্বর বিসিক শিল্পনগরের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে বিসিক এলাকা থেকে তিন তরুণকে আটক করা হয়। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন। তিনি জানান, সৌরভের ব্যবহার করা নকিয়া-১১০০ মুঠোফোনটি ছিনতাই করার জন্য তিনি সৌরভকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করেন। মুঠোফোনটি একই এলাকার দোকানদার সরল মিস্ত্রির কাছ থেকে উদ্ধার করে পুলিশ।