স্কুলছাত্র ও ছাত্রদল নেতাসহ নিহত ৬
ঝিনাইদহে গতকাল শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের নেতাসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন কুষ্টিয়ায় ট্রাকচাপায় এক স্কুলছাত্র এবং মাগুরায় বাসের ধাক্কায় এক তরুণ নিহত হয়েছেন।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে পিরোজপুর সদরের রানীপুর এলাকায় গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝিনাইদহ: জেলার কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা-জামতলা নামক জায়গায় গতকাল বিকেলে বাসের চাপায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহত ব্যক্তিরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল রানা (২৮) ও বাড়িবাথান গ্রামের বাসিন্দা ফারুক হোসেন (৩০)। একই সময় উপজেলার ভুপাতিপুর গ্রামে ট্রাকের চাপায় চাকলাপাড়ার রাসেল মিয়ার ছেলে মেহরাব হোসেন (৪) নিহত হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, সোহেল রানা ও ফারুক হোসেন মোটরসাইকেলে করে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জে ফেরার পথে কালীগঞ্জ-জীবননগর সড়কে যাত্রীবাহী বাসের চাপায় পিষ্ট হন। ঘটনাস্থলেই দুজন মারা যান।
কুষ্টিয়া: ট্রাকচাপায় নিহত স্কুলছাত্র বিপ্লব শেখ (১২) মিরপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সেজান শেখের ছেলে। সে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়ত। গতকাল সকাল ১০টার দিকে বাইসাইকেল নিয়ে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে উঠলে পেছন থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা: মাগুরা শহরের অদূরে মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় গতকাল সন্ধ্যায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. মঞ্জুর হোসেন (২৭) নামের এক যুবক নিহত হন। কাটাখালী বাজার থেকে মোটরসাইকেলে করে মাগুরা শহরে আসার সময় ভিটাসাইর এলাকায় সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে মঞ্জুরকে ধাক্কা দেয়। মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মঠবাড়িয়া (পিরোজপুর): নিহত মোটরসাইকেল আরোহীর নাম কে এম মোহিতুজ্জামান (৪০)। বৃহস্পতিবার রাতে তিনি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে পটুয়াখালীর কুয়াকাটায় যাচ্ছিলেন। রাত আড়াইটার দিকে পিরোজপুর শহরের রানীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খান মোহিতুজ্জামান। এতে দুজন ছিটকে পড়েন। ওই দম্পতিকে পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর মোহিতুজ্জামান মারা যান।